ঢাকা মহানগরের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই একটি শূন্যতা ছিল-প্রথম বিভাগ লিগে জায়গা না পাওয়া ক্লাব ও ক্রিকেটারদের নিয়মিত প্রতিযোগিতার অভাব। সেই শূন্যতা পূরণের লক্ষ্যেই নতুন একটি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের তত্ত্বাবধানে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’।
বিসিবি জানায়, আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। টি-টোয়েন্টি সংস্করণে আট দল নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় মোট ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল সরাসরি ফাইনালে উঠবে। প্রতিযোগিতার কাঠামোতে কোনো সেমিফাইনালের ব্যবস্থা রাখা হয়নি।
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী-এই আটটি দল। প্রতিটি দলে ১৫ জন ক্রিকেটার ও একজন স্ট্যান্ডবাই খেলোয়াড় রাখা হয়েছে। দলের কার্যক্রম পরিচালনায় থাকবেন ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট ও টিম বয়, যা খেলোয়াড়দের জন্য একটি পেশাদার পরিবেশ নিশ্চিত করবে।
খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে গ্রেডিং পদ্ধতিতে। এ+, এ, বি ও সি-এই চারটি গ্রেডে ক্রিকেটারদের ভাগ করেছে সিসিডিএমের নির্বাচক প্যানেল। ২০২৪-২৫ মৌসুমের পারফরম্যান্স ও সংশ্লিষ্ট ক্লাবগুলোর খেলোয়াড় তালিকা মূল্যায়নের ভিত্তিতেই এই গ্রেডিং সম্পন্ন করা হয়েছে। গ্রেড অনুযায়ী খেলোয়াড়দের বেতন ও ম্যাচ ফি প্রদান করা হবে।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন আধুনিক ভেন্যুতে। পিকেএসপি এক ও দুই নম্বর মাঠ, পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ড, পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ড (৩০০ ফিট) এবং বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে হবে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ম্যাচগুলো। খেলোয়াড়দের আবাসন, খাবার, যাতায়াত এবং ম্যাচ পরিচালনার সব খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আজ শনিবার। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দুপুর দেড়টায় ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হবে এই আয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এই টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। ভাইস-চেয়ারম্যান হিসেবে আছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন। বিসিবির পরিচালক ফাইয়াজুর রহমান, ইশতিয়াক সাদেক, আহসান ইকবাল চৌধুরী ও আমজাদ হোসেন আয়োজক কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।










Discussion about this post