ভারতে গিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণে দেশটি ভারত সফর করবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সিদ্ধান্তে নাখোশ আইসিসির চেয়ারম্যান জয় শাহ। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, বাংলাদেশের এই অবস্থানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
গত ২১ জানুয়ারি আইসিসি বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল যে, যদি বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে ভারতের মাটিতেই খেলতে হবে। তাতেও বাংলাদেশ নিজেদের অবস্থান পরিবর্তন করেনি। বিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়।
আইসিসির ওই কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, বাংলাদেশ চাইলে নিরপেক্ষ কমিটি (ডিআরসি)-র কাছে চিঠি পাঠাতে পারে, কিন্তু ডিআরসির কাছে কোনো ক্ষমতা নেই আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণের, ‘বাংলাদেশ ডিআরসিতে যেতেই পারে। কিন্তু পরিচালন পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ক্ষমতা ওই কমিটির নেই।’
এদিকে বিসিবি ভারত না যেতে চাইলেও এখনো বিশ্বকাপ খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে আবারও চিঠি পাঠিয়েছে। বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন।
আইসিসি সূত্র জানায়, বিসিবি সভাপতি আইসিসিকে জানানো ছাড়াই ২২ জানুয়ারি সংবাদ সম্মেলন করেছেন, যা সংস্থার মধ্যে ক্ষোভের কারণ হয়েছে। ‘আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতির ওপর অত্যন্ত ক্ষুব্ধ। আইসিসিকে জানানোর আগে সংবাদ সম্মেলন করেছে। আসিফ নজরুলের সঙ্গে কথা বলা, যিনি আইসিসির কাছে গ্রহণযোগ্য নন, একদমই উচিত হয়নি,’জানিয়েছেন ওই কর্মকর্তা।
হাতে খুব বেশি সময় না থাকায় আইসিসি আর বিলম্ব করতে চাইছে না। প্রতিবেদনে বলা হয়েছে, আজকের মধ্যেই বাংলাদেশ বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য অনুমোদন দেওয়া হতে পারে। ইতিমধ্যেই স্কটিশ দলের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।










Discussion about this post