বাংলাদেশের পরিবর্তে হঠাৎ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে বড় অস্বস্তিতে পড়েছে স্কটল্যান্ড। প্রতিযোগিতা শুরুর মাত্র দুই সপ্তাহ আগে আইসিসির আমন্ত্রণ আসায় ন্যূনতম প্রস্তুতিও ছিল না তাদের। না আছে স্পনসর, না আছে বিশ্বকাপের জন্য আলাদা জার্সি। অল্প সময়ের মধ্যে সব আয়োজন করতে গিয়ে কার্যত ঘুম উড়েছে স্কটল্যান্ড ক্রিকেট কর্তাদের।
আইসিসির চিফ এক্সিকিউটিভ সঞ্জয় গুপ্তের কাছ থেকে ফোন পাওয়ার পরই বাস্তবতার মুখোমুখি হন ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তারা। সংস্থার প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড স্বীকার করেছেন, বিশ্বকাপ খেলার পরিকল্পনাই ছিল না বলে স্পনসর বা জার্সির ব্যবস্থা করা হয়নি।
হাতে মাত্র সাত দিন সময়, এর মধ্যে কতটা সম্ভব হবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। প্রয়োজনে সারা বছর ব্যবহৃত জার্সি পরেই বিশ্বকাপে নামতে হতে পারে দলকে।
মাত্র ৩০ জনের কিছু বেশি সদস্য নিয়ে স্কটল্যান্ডের পুরো ক্রিকেট ব্যবস্থা পরিচালিত হয়। একই সময়ে অনূর্ধ্ব-১৯ দল, নারী দল এবং এখন বিশ্বকাপ, তিনটি দায়িত্ব সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তারা। তবু লিন্ডব্লেড মনে করেন, ব্যতিক্রমী পরিস্থিতিতে পাওয়া এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত তাদের ক্রিকেটাররা।



