বাংলাদেশের টি–টুয়েন্টি ক্রিকেটে নতুন এক ধারা তৈরি হচ্ছে কি না-এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সেটি বিচার করার দায়িত্ব সাংবাদিকদের ওপরই ছেড়ে দিলেনলিটন দাস। তবে তার কথাবার্তা এবং সাম্প্রতিক পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, পরিবর্তনের হাওয়া বইছে দলের ভেতরে।
লিটনের নেতৃত্বে গত বছর টি–টুয়েন্টি ব্যাটিংয়ে নিজেদের ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ার পাশাপাশি দল অর্জন করেছে ১২৫.৯৭ স্ট্রাইক রেট-যা এই ফরম্যাটে বাংলাদেশের সেরা। এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে, টি–টুয়েন্টির আধুনিক রসায়নের সঙ্গে খাপ খাওয়াতে শুরু করেছেন দেশের ব্যাটসম্যানরা।
অধিনায়ক হিসেবেও দ্রুতই নিজের অবস্থান শক্ত করেছেন লিটন। ২৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি জয় পেয়েছেন ১৫টিতে। বাংলাদেশের টি–টুয়েন্টি ইতিহাসে তার সামনে আছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান, যারা যথাক্রমে ৪৩ ও ৩৯ ম্যাচে ১৬টি করে জয় পেয়েছেন। নিউজিল্যান্ড সিরিজেই তাঁদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে লিটনের সামনে। অন্তত ১০ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে জয়ের হার বিবেচনায় তিনি ইতিমধ্যেই সবার ওপরে উঠে গেছেন।
যদিও নানা জটিলতায় সর্বশেষ টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ, তবু সামনে তাকিয়ে আছেন লিটন। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকেই পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন তিনি।
আগামী সময়টাও বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং। জুনে অস্ট্রেলিয়া এবং আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে দল। তবে এই ব্যস্ত সূচিকেই ইতিবাচকভাবে দেখছেন লিটন, কারণ ধারাবাহিক ম্যাচ খেলার অভিজ্ঞতা দলকে আরও প্রস্তুত করে তুলবে বলে মনে করেন তিনি।
ব্যক্তিগত পারফরম্যান্সেও কিছুটা স্বস্তিতে আছেন লিটন। নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডেতে তিন বছর পর ফিফটির দেখা পেয়েছেন তিনি। টি–টুয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
তবে দলের দুর্বলতার জায়গাটিও স্পষ্ট করে তুলে ধরেছেন অধিনায়ক। টপ অর্ডারের অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন তিনি। দ্রুত উইকেট পড়ে গেলে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার ওপর জোর দিয়েছেন লিটন। বিশেষ করে মেহেদী, নাসুম ও রিশাদের মতো ক্রিকেটারদের কাছ থেকে ব্যাট হাতে অবদান আশা করছেন তিনি।








Discussion about this post