শুরুর ধাক্কা সামলে এখন ছন্দে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা চার সিরিজ হার দিয়ে শুরু হলেও সেই হতাশা পেছনে ফেলে একের পর এক সাফল্যে এগোচ্ছে দল। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর নিউজিল্যান্ডকে হারিয়ে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে টাইগাররা, যা বাংলাদেশের সাম্প্রতিক ক্রিকেটে বড় এক মাইলফলক।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫৫ রানের জয়ে নিশ্চিত হয় এই সাফল্য। এর মধ্য দিয়ে দেশের পঞ্চম অধিনায়ক হিসেবে টানা তিন সিরিজ জয়ের তালিকায় নাম লেখালেন মিরাজ। এর আগে এই কীর্তি গড়েছেন হাবিবুল বাশার সুমন, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল।
এই অর্জনকে দলগত সাফল্য হিসেবেই দেখছেন মিরাজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগছে, টানা তিনটা সিরিজ জিতেছি এবং আমার কাছে মনে হয়, ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতেছে, এটাই অনেক বড় অর্জন।’
সিরিজের গল্পটাও ছিল নাটকীয়। প্রথম ম্যাচে হেরে চাপে পড়ে যায় বাংলাদেশ। বাকি দুই ম্যাচ তখন কার্যত ‘বাঁচা-মরার’ লড়াই। সেই পরিস্থিতিকে নকআউট হিসেবে নিয়েই দলকে মানসিকভাবে প্রস্তুত করেছেন অধিনায়ক। মিরাজ বলেন, ‘প্রথম ম্যাচ হারার পরে আমি যেটা চিন্তা করেছি, আমরা অনেক টুর্নামেন্ট খেলতে যাই, সেখানে নকআউট যে খেলাগুলো হয়, হারলেই বাদ…আমি মানসিকভাবে ওভাবেই জিনিসটা নিয়েছি। যেহেতু প্রথম ম্যাচ হেরে গিয়েছি, পরের ম্যাচে যদি হেরে যাই, সিরিজ হেরে যাব। এটা আমাদের জন্য একটা সুযোগ যে, এটা যদি জিততে পারি তাহলে হয়তো আরেকটা সুযোগ হবে। আমি ওভাবেই চিন্তা করেছি।’
একই ভাবনার পুনরাবৃত্তি করে তিনি আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা চিন্তা করেছি অনেক সময় আমরা অনেক টুর্নামেন্ট খেলতে যাই। নক আউট যে খেলাগুলো হয়, হারলেই বাদ-মানসিকভাবে জিনিসটাকে আমি ওইভাবে নিয়েছি। যেহেতু প্রথম ম্যাচ হেরে গেছি, দ্বিতীয় ম্যাচ যদি হেরে যাই সিরিজ হেরে যাব। এটা আমাদের জন্য একটা সুযোগ, যদি জিততে পারি হয়ত আরেকটা সুযোগ পাব। আমি ওইভাবে চিন্তা করেছি।’
ভবিষ্যতের লক্ষ্য নিয়েও স্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে অধিনায়কের। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তিনি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপে কোয়ালিফাই করাটা জরুরি। সাথে ভালো খেলাটাও জরুরি। প্রসেস হলো ভালো ক্রিকেট খেলা। ম্যাচ ধরে ধরে জিততে যদি পারি, পারফর্ম করতে পারি, সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, এটা রিচ করা সম্ভব। সেরা নয়ে থাকা, আমার মনে হয় ধারাবাহিক হলে আরও উপরেও যেতে পারি আমরা। এটা বিরাট একটা অর্জন হবে আমাদের জন্য।’










Discussion about this post