রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে স্বস্তির জয়। শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচ জয়ের পর গ্রুপ পর্বের শেষ খেলায় মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। আজ ৯০ রানের এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ফাহিমা খাতুনের দল।
টুর্নামেন্টের শুরুতে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৪ রানে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে চার-ছক্কার নাটকীয়তায় ৩ উইকেটের জয় পায় তারা। সেমিফাইনাল আগেই নিশ্চিত হলেও শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে গ্রুপ শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্য ছিল স্পষ্ট।
ব্যাংককে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইশমা তানজিম শূন্য রানে ফিরলে চাপে পড়ে দল। ওপেনিংয়ে নামা রুবাইয়া হায়দার করেন ১৪ রান, আর সুমাইয়া আক্তার রানআউটে বিদায় নেন শূন্য রানে। তিন নম্বরে নেমে শারমিন সুলতানা ২৫ বলে ৩০ রান করে ইনিংস গড়ার চেষ্টা করেন। কিন্তু ৫২ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
এই অবস্থায় দলের হাল ধরেন লতা মন্ডল ও অধিনায়ক ফাহিমা খাতুন। পঞ্চম উইকেটে তাঁদের ৫৫ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ফাহিমা ২৪ বলে ২৯ রান করেন। ইনিংসের শেষভাগে লতা গতি বাড়ান, আর সাদিয়া আক্তার ১১ বলে দুই ছক্কায় ১৯ রান যোগ করে স্কোর বড় করেন। শেষ বলে আউট হওয়ার আগে ৪৪ বলে ৪৮ রান করেন লতা। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ১৫১ রান।
জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকে মালয়েশিয়া। ফাতেমা জাহান তাঁর অভিষেক ম্যাচেই দারুণ বোলিং করেন। চার ওভারে একটি মেডেনসহ ১০ রান দিয়ে ৩ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। শরিফা খাতুন যোগ করেন দুটি উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একসময় ৭ উইকেটে ৩০ রানে পরিণত হয় মালয়েশিয়ার স্কোর। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ৬১ রানে থামে তারা। নুর আরিয়ানা নাতসিয়া ২৪ বলে অপরাজিত ২২ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দেন।
ব্যাট হাতে ৪৮ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন লতা মন্ডল। টানা তিন জয়ে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’। শুক্রবার তারা মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ দলের।










Discussion about this post