মোহাম্মদ সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে কার্যকর ক্যামিও খেলার পর বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই অলরাউন্ডার। ৩৪ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারানোর পর এখন টি-টোয়েন্টি সিরিজ জিতেই দেশে ফিরতে চায় টাইগাররা।
জয়ের অন্যতম নায়ক সাইফউদ্দিন বলেন, ‘এই কন্ডিশন একটু কঠিন আমাদের ব্যাটারদের জন্য। আজকের ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা প্রথম ম্যাচটা হেরেছি। গত কয়েক মাস ধরে ঘরের মাঠে আমরা খুব ভালো খেলছিলাম। বাইরে খেলতে এলে মাঝে মাঝে একটু কষ্ট হচ্ছে। একটা সিরিজের ৫-৭ দিন আগে আসি, প্র্যাকটিস করি, তাতেও কন্ডিশন ও উইকেটে মানিয়ে নিতে অসুবিধা হয়। এমন অনেক কিছুই আছে। তবে আশা করি টি-টোয়েন্টি সিরিজ জিতব।’
শেষ ম্যাচকে সামনে রেখে দলের প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। সাইফউদ্দিন বলেন, ‘এখনও একটা ম্যাচ বাকি আছে। আমরা অনেক আলোচনা করেছি গত কয়দিন, কীভাবে উইকেট-আবহাওয়া এসব সামলাবো। আজ তা কাজে লেগেছে।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের একাধিক ক্যাচ মিস বাংলাদেশের জন্য সুবিধা তৈরি করেছে। এ বিষয়ে সাইফউদ্দিন বলেন, ‘জিম্বাবুয়ের ক্রিকেটাররা আজ বেশ কিছু ক্যাচ ছেড়েছে। আমাদের জন্য ভালোই হলো। আশা করি রবিবারেও এমন হবে। টেস্ট ও ওয়ানডেতে হেরেছি, আমরা এই সিরিজ জিততে চাই।’
ক্যাচের গুরুত্ব তুলে ধরে স্বাগতিক দেশের সাংবাদিকদের সাইফউদ্দিন বলেন, ‘যেকোনো ফরম্যাটেই ক্যাচ অনেক গুরুত্বপূর্ণ। ২-৩টি ক্যাচ হাতছাড়া হলে প্রতিপক্ষের দিকে মোমেন্টাম চলে যায়। আমরা এ ব্যাপারে সতর্ক আছি। অনেক ফিল্ডিং সেশন করেছি, প্র্যাকটিস সেশনও হয়। টপ অর্ডারের এক-দুটো ক্যাচ মিস করলেও মাশুল দিতে হয়। এখন শেষ ম্যাচেই আমাদের মনোযোগ।’
টেস্ট ও ওয়ানডে সিরিজ হাতছাড়া হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করার লক্ষ্য নিয়েই আগামীকাল রোববার শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।



