জিম্বাবুয়ে সফর শেষ হয়েছে চোটের কারণে। তবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি দল বার্মিংহাম ফিনিক্স এখনও মুস্তাফিজুর রহমানকে নিয়ে আশা ছাড়ছে না। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহেই ইংল্যান্ডে উড়াল দেবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। সেখানে ফ্র্যাঞ্চাইজিটির মেডিকেল বিভাগ তার চোটের অবস্থা মূল্যায়ন করবে। সেই রিপোর্টের ওপরই নির্ভর করবে চলতি মৌসুমে ‘দ্য হান্ড্রেড’-এ তার খেলা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল করার সময় চোট পান মুস্তাফিজ। পরীক্ষায় তার ডান হাঁটুতে হ্যামস্ট্রিং টিয়ার এবং মেনিস্কাল ডিজেনারেশন ধরা পড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের মতে, এই চোট থেকে সেরে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। ফলে সফরের বাকি ম্যাচগুলো না খেলেই দেশে ফিরতে হয়েছে তাকে।
তবে চোট সত্ত্বেও মুস্তাফিজকে পরিকল্পনা থেকে সরিয়ে দেয়নি বার্মিংহাম ফিনিক্স। ক্লাবটির পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস এক বিবৃতিতে জানিয়েছেন, মুস্তাফিজ ও বিসিবির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী সপ্তাহে তিনি বার্মিংহামে যাবেন। সেখানে ফ্র্যাঞ্চাইজির মেডিকেল বিভাগ তার শারীরিক অবস্থা মূল্যায়ন করবে। এরপরই নির্ধারণ করা হবে, চলতি আসরের কোনো পর্যায়ে তিনি ‘দ্য হান্ড্রেড’-এ খেলতে পারবেন কি না।
থমাস জানিয়েছেন, তারা এখনও আশাবাদী যে মুস্তাফিজ এ বছর বার্মিংহাম ফিনিক্সের জার্সিতে মাঠে নামতে পারবেন। তবে মেডিকেল মূল্যায়নের সম্ভাব্য সব ফল মাথায় রেখে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখা হচ্ছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করে বিসিবির সঙ্গে সমন্বয় রেখে পুনর্বাসন ও মাঠে ফেরার পরিকল্পনা এগিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এর আগে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, প্রথম ওয়ানডেতে বল করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন মুস্তাফিজ। পরবর্তী স্ক্যানে হাঁটুর চোট ধরা পড়ে এবং তাকে চার সপ্তাহের পুনর্বাসনের পরামর্শ দেওয়া হয়। সে কারণেই জিম্বাবুয়ে সফর অসমাপ্ত রেখেই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফট থেকে এক লাখ পাউন্ডে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল বার্মিংহাম ফিনিক্স। আগামী ২১ জুলাই শুরু হয়ে ১৬ আগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। চোট কাটিয়ে খেলতে পারলে তিনিই হবেন ‘দ্য হান্ড্রেড’-এ অংশ নেওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার।



