বিপিএলের সর্বশেষ আসরে দুর্দান্ত ছন্দে ছিলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে নজর কাড়েন তিনি। তবে টুর্নামেন্টের পরই ব্যাক পেইনের চোটে পড়েন এই ডানহাতি পেসার। অদম্য টি-টোয়েন্টি কাপে একটি ম্যাচ খেলার পরই ছিটকে যান দল থেকে। একই কারণে চলমান বিসিএল ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টেও খেলতে পারছেন না।
তবে তার শারীরিক অবস্থা নিয়ে এখন আশাবাদী দলীয় সূত্র। জানা গেছে, বর্তমানে অনেকটাই সুস্থ আছেন তানজিম। স্ক্যান রিপোর্টও ইতিবাচক এসেছে। পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। তবুও প্রশ্ন রয়ে গেছে, পুরোপুরি ফিট হয়ে উঠলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে পাওয়া যাবে কি না।
আগামী ৯ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, সিরিজ শুরুর আগেই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তানজিমের।
বিপিএলের দ্বাদশ আসরে ১০ ম্যাচে ১২ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ পেসার। শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, গত বছর আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাট-বল হাতে ছিলেন কার্যকর। সবমিলিয়ে ২৮টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে শিকার করেছেন ৩৪ উইকেট, পাশাপাশি ব্যাট হাতে যোগ করেছেন ১৯১ রান।



