বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে গণমাধ্যমের সাম্প্রতিক মতবিরোধ ঘিরে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সহ-সভাপতি ফারুক আহমেদ। কিছু বিষয় নিয়ে দ্বিমত ও বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ বিসিবির আমন্ত্রণ ছাড়া সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়। তবে এই পরিস্থিতিকে দীর্ঘস্থায়ী সংকট হিসেবে দেখছেন না তিনি।
গত ২৭ ফেব্রুয়ারি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘আমি মনে করি, আমরা যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছি, বোর্ড থেকে শুরু করে খেলোয়াড়, সাংবাদিকসহ ক্রিকেট সংক্রান্ত সবার সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক থাকা খুবই জরুরি। কারণ সবার গোল (লক্ষ্য) একটাই। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি। এজন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়।’
বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে প্রশ্ন উঠলে তিনি সরাসরি স্বীকার করেন যে সবসময় একই রকম সম্পর্ক বজায় থাকে না। তার ভাষায়, ‘সবসময় সম্পর্ক একরকম থাকবে এটা ঠিক না। তবে আমার মনে হয় উন্নতি করা সম্ভব। মনে হয় না বিরাট কিছু (ঝামেলা) আছে এখানে। অবশ্যই উন্নতি করা উচিৎ।’
সাংবাদিকদের ভূমিকা নিয়েও আশাবাদী এই বিসিবি কর্মকর্তা। তিনি বলেন, ‘আপনারা যে কাজ করছেন ক্রিকেটকে উন্নতি করার জন্য। আগে শুধু প্রিন্ট মিডিয়া ছিল, এখন ইলেকট্রনিক মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়া এসেছে। যে কাজ আগে করে গেছেন আশা করি আগামীতেও করবেন, যা ক্রিকেটের জন্য সর্বোপরি খেলাধুলার জন্য সহায়ক হবে।’ তার বক্তব্যে স্পষ্ট, বোর্ড ও গণমাধ্যমের সম্পর্ককে তিনি প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং সহযোগিতার জায়গা থেকে দেখতে চান।
এদিকে দেশের ক্রিকেট অঙ্গন গত কয়েক মাস ধরেই অস্বস্তিকর সময় পার করছে। বিতর্কিত নির্বাচন, বিদ্রোহী ক্লাবদের বাইরে রেখে লিগ আয়োজন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত, সব মিলিয়ে বোর্ড সমালোচনার মুখে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিচালক ইশতিয়াক সাদিকের পদত্যাগ এবং আরেক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ। ফলে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-এর ওপর চাপ বাড়ছে বলেই মনে করছেন অনেকে।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠানে এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘দেখুন, এই (আমিনুল ইসলাম বুলবুল পদত্যাগ করতে চান) প্রশ্নের ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি যতোদূর জানি উনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে (অস্ট্রেলিয়া থেকে) আসবেন বলেছেন।’










Discussion about this post