বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটাঙ্গনেও। এই শোকাবহ পরিস্থিতিতে আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি জাতীয় দলের একাধিক ক্রিকেটার ও বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করায় শোকে মুহ্যমান হয়ে পড়েছে পুরো দেশ।
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, প্রিয়জন এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শোক জানিয়ে লেখেন, ‘মহান আল্লাহ তা’আলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাঁকে ক্ষমা করুন। তাঁর আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা ব্যাটসম্যান মুশফিকুর রহিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বিসিবির শোকবার্তার ছবি পোস্ট করে লেখেন,
‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে লেখেন, ‘এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তাঁর শোক সন্তপ্ত পরিবার, তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।’
এদিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলোর পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। রংপুর রাইডার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! সারা দেশের মতো শোকাহত রাইডার্স পরিবার। মহান আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।’
শোক জানিয়েছে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সসহ একাধিক ক্লাবও। সব মিলিয়ে গোটা ক্রীড়াঙ্গনে এখন শোকের আবহ।










Discussion about this post