কাউন্টি চ্যাম্পিয়নশিপে সফল অভিষেকের পর এবার ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্ট স্পিটফায়ার্সের হয়ে গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচে মাঠে নামবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে কেন্ট ক্রিকেট।
ভাইটালিটি ব্লাস্টে অংশ নেওয়া দ্বিতীয় বাংলাদেশি পেসার হতে যাচ্ছেন হাসান মাহমুদ। এর আগে ২০১৬ সালে সাসেক্সের হয়ে এই টুর্নামেন্টে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। তবে কেন্ট স্পিটফায়ার্সের জার্সিতে এই প্রতিযোগিতায় খেলতে যাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হচ্ছেন হাসান।
কেন্টের প্রকাশিত বিবৃতিতে হাসান মাহমুদ জানিয়েছেন, কাউন্টিতে কাটানো সময় তিনি দারুণ উপভোগ করেছেন। দলের প্রয়োজনে আবারও ফিরতে পেরে তিনি আনন্দিত। তার ভাষায়, কেন্টে সময়টা তিনি ভীষণ উপভোগ করেছেন এবং ভাইটালিটি ব্লাস্টে অবদান রাখার সুযোগ পেয়ে এক মুহূর্তও দ্বিধা করেননি। গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কেন্টকে নকআউট পর্বে তুলতে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি তার ওপর আস্থা রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
হাসান আরও বলেন, বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ। একই সঙ্গে বাংলাদেশের হয়ে আবারও সাদা বলের ক্রিকেটে ফেরার পথে এই আসর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুকও হাসানকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তার মতে, প্রথম শ্রেণির ক্রিকেটে যেমন, তেমনি টি-টোয়েন্টি ক্রিকেটেও হাসানের অভিজ্ঞতা দলকে বাড়তি শক্তি জোগাবে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ ভাগ খেলতে আবারও কেন্টে ফিরবেন হাসান মাহমুদ।










Discussion about this post