করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। এই তালিকায় বাংলাদেশের সঙ্গে আছে অস্ট্রেলিয়াও। পরিস্থিতি সামাল দিতে করোনা ভ্যাকসিন মানে টিকার বিকল্প নেই। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরের কথা রয়েছে অস্ট্রেলিয়ার। এর আগেই দলটির ক্রিকেটাররা পেয়ে যাবেন করোনাভাইরাসের টিকা। তবে প্রথম বারের মতো মাঠে গড়াতে যাওয়া ‘দ্য হান্ড্রেডে’ অজি ক্রিকেটারদের অংশগ্রহণ হয়ে যাবে দেশটির ক্রিকেটারদের।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিনই জানা গেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলছে আলোচনা। ভারতে অনুষ্টেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশেও আসবে অজিরা।
অস্ট্রেলিয়া ক্রিকেট-এর কর্মকর্তা বেন অলিভারের বলেন, ‘আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই সফরকারী দলের সবাই টিকার আওতায় আসবেন। সফরের সঙ্গে সম্পৃক্ত লোকজনকে টিকাদানের বিষয়ে এখন স্থানীয় সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি।’ অবশ্য কোন কারণে যদি ভ্যাকসিন না পেলে কী হবে তার জন্যও প্রস্তুত রেখেছে অস্ট্রেলীয় ক্রিকেট।
অলিভার জানাচ্ছিলেন, ‘ক্রিকেটের জন্য আমরা কোনোপ্রকার প্রাধান্য পেতে চাই না। চলমান প্রক্রিয়ার ওপর কোনো প্রকারের বাড়তি বোঝা সৃষ্টি করতে রাজি নই। এখন টিকা নিয়ে সরকারের নিয়ম-নীতি সম্পর্কে ভালোভাবে জেনে তা মেনেই কীভাবে নিজেদের পরিকল্পনা সাজাতে পারি তা নিয়েই তাদের সঙ্গে কাজ করছি আমরা।’
বিসিবির সঙ্গে বাংলাদেশ সফর নিয়ে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। বাংলাদেশের সঙ্গে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। গত এক দশকে সীমিত ওভারের ফরম্যাটে এটিই হতে যাচ্ছে অজি ক্রিকেট দলের প্রথম বাংলাদেশ সফর।
এই সফরের জন্য কিছুটা ক্ষতির মুখে সাত অজি ক্রিকেটার। গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা, ডার্সি শর্ট, ও জাই রিচার্ডসন রয়েছেন দ্য হান্ড্রেডের উদ্বোধনী আসরে। এই ৭ জনের এই আসরে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।



