প্রথম ওয়ানডের দাপুটে জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ। ২০৭ রানের ছোট লক্ষ্য নিয়েও ৭৬ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। সেই সাফল্যের পর আজ আবার মিরপুরে নামছে মেহেদী হাসান মিরাজের দল, একটাই লক্ষ্য-সিরিজ নিশ্চিত করা। মিরুপরে আজ দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
প্রথম ম্যাচের দল থেকে একটি পরিবর্তন এসেছে একাদশে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এর ফলে আজ বাংলাদেশের বোলিং আক্রমণ পুরোপুরি স্পিন নির্ভর। মুস্তাফিজুর রহমান থাকছেন একমাত্র পেসার হিসেবে, আর বাকিরা সবাই স্পিনার—মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নবাগত নাসুম আহমেদ।
মিরপুরের উইকেট নিয়েই আলোচনা চলছে প্রথম ম্যাচ থেকেই। গতবারের মতো আজও দেখা মিলেছে পরিচিত কালো পিচের, যদিও এবার সেটি তুলনামূলক কিছুটা হালকা। তারপরও স্পিনারদের সহায়তা মিলবে বলেই বিশ্বাস করছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে যেখানে ক্যারিবীয় ব্যাটাররা স্পিনে হিমশিম খেয়েছিল, আজও সেই ধারা বজায় রাখার পরিকল্পনা টাইগারদের।
প্রথম ম্যাচের জয় দলের ভেতরে ফিরিয়ে এনেছে আত্মবিশ্বাস। সাম্প্রতিক ওয়ানডে ব্যর্থতার পর এমন দাপুটে জয় দলকে নতুন করে উজ্জীবিত করেছে। মিরাজের নেতৃত্বে তরুণদের নিয়ে গড়া এই দল এখন তাকিয়ে আছে আরেকটি সফল দিনের দিকে।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আকিম অগুস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেইজ, গুডাকেশ মোটি, জাস্টিন গ্রেইভস, আকিল হোসেইন, খারি পিয়েরে।










Discussion about this post