ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর শেষের ব্যবধানই শেষ পর্যন্ত বড় হয়ে দাঁড়ায় দলটির জন্য। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে বিকেএসপির তিন নম্বর মাঠে ৪৭.৫ ওভারে অলআউট হওয়ার আগে রূপগঞ্জ সংগ্রহ করেছে ২২৭ রান।
দুই ওপেনার হাবিবুর রহমান ও আশিকুর রহমান শিবলির ব্যাটে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রূপগঞ্জ। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮৭ রান। হাবিবুর রহমান মাত্র ৫৬ বলে খেলেন ৬১ রানের কার্যকর ইনিংস। অন্যদিকে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা আশিকুর রহমান শিবলি ৬৭ বলে করেন ৩৬ রান।
দুই ওপেনারের বিদায়ের পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি রূপগঞ্জ। ব্যাটাররা উইকেটে থিতু হওয়ার চেষ্টা করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। আইচ মোল্লা মাত্র ১ রান করে ফেরেন। ইরফান শুক্কুর করেন ১৫ রান, আর তানবির হায়দারের ব্যাট থেকে আসে ২৪ রান।
আগের ম্যাচে ঝড়ো সেঞ্চুরি করা সামিউন বশির রাতুল এদিনও দ্রুত রান তোলার চেষ্টা করেন। তবে ৩৮ বলে ২৮ রান করে থামতে হয় তাকে। চৌধুরী রিজওয়ান করেন ৩০ রান। শেষদিকে অধিনায়ক শেখ মেহেদী কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১৪ রানের বেশি এগোতে পারেননি। নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই গুটিয়ে যায় রূপগঞ্জের ইনিংস।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আবু হায়দার রনি। তিনি ৩৯ রান খরচায় নেন ৩ উইকেট। এছাড়া আলিস আল ইসলাম ও শামীম মিয়া দুটি করে উইকেট শিকার করেন।



