সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। প্রাথমিক চিকিৎসার পর তাকে বিকেএসপি সংলগ্ন কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে এবং জরুরি ভিত্তিতে রিং (স্টেন্ট) স্থাপন করা হয়। হেলিকপ্টারে তোলার অবস্থা না থাকায় চিকিৎসা চলছে বিকেএসপির কাছে গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে।
আজ মঙ্গলবার সেই হাসপাতাল ঢাকায় এভার কেয়ার হাসপাতালে চলে এসেছেন তামিম। তার আগে নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তামিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম যা লিখেছেন। সেটিই হুবহু তুলে ধরা হলো এখানে-
দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বারবার ভুলে যাই।
গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।
কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।
আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।



