ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চেন্নাইয়ে বৃহস্পতিবার হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম। কিন্তু সেখানে নাম নিবন্ধন করেও ডাক পাননি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। যে কারণে এ টুর্নামেন্টের খেলার স্বপ্ন অধরাই থেকে গেল।
১৪তম আইপিএলের নিলামে রিয়াদ ও সাইফউদ্দিন আগে থেকেই ছিলেন। মুশফিক শেষ দিকে নাম নিবন্ধন করেন। তবে তাদের কারও নামই নিলামের জন্য ডাকা হয়নি। তার আগেই দলগুলোর শূন্যস্থান পূরণ হয়ে যায়, অথবা নতুন করে খেলোয়াড় দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে নিলামের কার্যক্রমের ইতি টানা হয়।
এবারের আইপিএল নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ভারতীয় রুপি। রিয়াদ ৭৫ লাখ এবং সাইফউদ্দিন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন। অনেক অখ্যাত খেলোয়াড় দল পেলেও তাদের নিলামে উঠারই সুযোগ হয়নি। তবে জমজমাট এ টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন তাদের সতীর্থ সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনেছে তার সাবেক দল কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্যের ১ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
পঞ্চম রাউন্ডেও নিলামে নাম ওঠেনি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফ উদ্দিনের। এর আগে ২০১৯ সালের আইপিএল নিলামের তালিকায় ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। মুশফিকুরের নাম নিলামে উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি নেয়নি। ২০১৬ আইপিএলের নিলামেও ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। তখনও দল পাননি তারা।



