দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি নাহিদ রানার। তবে এই পেসারকে নিয়ে স্বস্তির খবর দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। চোট কাটিয়ে ফেরার পথে থাকা রানাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাওয়ার আশা করছেন নির্বাচকেরা। যদিও ওয়ানডে সিরিজে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী ১৫ নভেম্বর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এরপর স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার ইচ্ছা ছিল নাহিদ রানারও। কিন্তু চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না নির্বাচকেরা। বর্তমানে অস্ট্রেলিয়ায় পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে রয়েছেন এই গতিতারকা। সেখানে নিয়মিত বোলিংও করছেন তিনি।
টেস্ট সিরিজের দল ঘোষণার পর রানার শারীরিক অবস্থা ও ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন, ‘রানার সঙ্গে আমার কথা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে ফোন করেছে। ও খুব আশাবাদী দ্রুত ফেরার জন্য। ৯০ ভাগ বোলিং করেছে অস্ট্রেলিয়াতে। ১৫ তারিখ ফিরবে। সে আশাবাদী ফিরে আসার ব্যাপারে। ও বলছে এখনই ফেরার মতো অবস্থায় আছে। যেহেতু একটা ইঞ্জুরির মধ্য দিয়ে গিয়েছে, আমরা প্রক্রিয়া অনুসরণ করেই আনতে চাই, তাড়াহুড়া করতে চাই না।’
রানাকে ফেরানোর ক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছে নির্বাচক প্যানেল। চোট থেকে সেরে ওঠার পর তাকে ধাপে ধাপে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে। সে কারণে ওয়ানডে সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বাশার।
এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘হয়তো ওয়ানডে সিরিজেও তাকে পাব না। তবে চেষ্টা করব যদি টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যায়। ওয়ানডেতে রিস্ক নিলে নিতে পারি। তবে আমি মনে করি টি-টোয়েন্টি খেলাই ভালো হবে।’
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজে নাহিদ রানার খেলা অনিশ্চিত হলেও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত তাকে খেলানোর সিদ্ধান্ত নির্ভর করবে চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়া ও শারীরিক অবস্থার ওপর।



