ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে নাটকীয় লড়াইয়ের পর জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বাতেন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা তারকা ফুটবলার আমিনুল হক অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। কয়েক হাজার ভোটের ব্যবধানেই নির্ধারিত হয়েছে বিজয়-পরাজয়।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন, যার মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন।
পল্লবীর অলিগলিতে প্রচারণায় সক্রিয় ছিলেন আমিনুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আস্থাভাজন হিসেবে তিনি দলীয় সমর্থন নিয়ে মাঠে নামেন। মানুষের দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করেন, উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনী বৈতরণী পেরোতে পারেননি সাবেক এই ক্রীড়াতারকা।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে আমিনুল হক এক উজ্জ্বল নাম। ১৯৯৪ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। পরে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড ঢাকা এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব-এর জার্সিতে খেলেছেন। ক্লাব পর্যায়ে একাধিক শিরোপা জয়ের পাশাপাশি জাতীয় দলেও ছিলেন দীর্ঘ সময়ের নির্ভরতার প্রতীক।
১৯৯৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয় ও দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক অর্জনের গৌরবের অংশীদার হন। মাঠের সেই দৃঢ় গোলরক্ষক এবার ভোটের ময়দানে লড়লেন, তবে জয় ধরা দিল প্রতিপক্ষের হাতে।










Discussion about this post