টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় টুর্নামেন্ট শুরুর আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ বাদ পড়াকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড বয়কটের হুমকি দিলেও আয়োজক দেশ শ্রীলঙ্কা জানিয়েছে, সূচি অনুযায়ী সব ম্যাচ আয়োজনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করে ফেলেছে। এর অংশ হিসেবেই ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
গ্রুপ ‘এ’-তে থাকা পাকিস্তানের সূচি অনুযায়ী ভারতের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি, কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে এবং শ্রীলঙ্কার অন্যান্য স্টেডিয়ামে বিশ্বকাপের আরও ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে শুধু একটি ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টকেই সামনে রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে শ্রীলঙ্কা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে এএফপিকে জানিয়েছেন, আন্তর্জাতিক এই টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজন করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষ করে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এই ম্যাচগুলোকে ঘিরে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য এলিট কমান্ডো ইউনিট মোতায়েন করা হবে। সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য যেসব ইউনিট দায়িত্ব পালন করে, তারাই ক্রিকেটার ও দলীয় সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করবে। শ্রীলঙ্কার এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দর থেকে হোটেল, অনুশীলন মাঠ ও স্টেডিয়াম, সব জায়গায় সশস্ত্র নিরাপত্তার মধ্যে চলাচল করবে দলগুলো।
পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না এলেও প্রস্তুতির ঘাটতি নেই। পিসিবির নির্বাচকেরা ইতোমধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন। টেলিকম এশিয়া স্পোর্টসের তথ্যমতে, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদিদের শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিও এগিয়ে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ভ্রমণ ব্যবস্থাও সম্পন্ন করা হয়েছে।
বিশ্বকাপের আগে পাকিস্তান নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজ শেষ হলে অস্ট্রেলিয়া দলের সঙ্গেই শ্রীলঙ্কায় যাওয়ার পরিকল্পনা রয়েছে পাকিস্তান দলের। যদিও এসব প্রস্তুতির পরও বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে পিসিবির চূড়ান্ত অবস্থান এখনো জানা যায়নি।
আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ইস্যুতে ভারতের পক্ষে ভোট দিলেও শ্রীলঙ্কা আঞ্চলিক বিরোধে নিরপেক্ষ থাকার বার্তা দিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব বান্দুলা দিসানায়েকে বলেছেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ-তিন দেশই তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কারও সঙ্গে বিরোধে জড়াতে চায় না তারা।










Discussion about this post