নাম্বার ওয়ান দলের বিপক্ষে বাংলাদেশ পিছিয়ে ছিল ঠিকই কিন্তু এভাবে হতাশ করা হার সঙ্গী হবে কে জানতো! এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে গেল সাকিব আল হাসানের দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭ উইকেটের হার। তাইতো ম্যাচশেষে ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুললেন সাকিব।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দেখুন, আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম। তবে ওরা সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি।’
ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে ব্যর্থতাই সব শেষ করে দিয়েছে। সাকিব বলেন, ‘এমন পিচে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরও ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল।আমি আউট হওয়ার পর আর কোনো পার্টনারশিপ হয়নি। এ ধরনের উইকেটে এটা খুব খারাপ ব্যাটিং। পাকিস্তান এখন এক নম্বর দল, তাদের তিনজন বিশ্বসেরা বোলার আছে। তারা ভালো করতে পারায় কাজটা সহজ হয়ে যায় ব্যাটসম্যানদের। তবে আমরা আমাদের বোলিং বিভাগে ভালো করছি।’
এই ব্যর্থতা পেছনে ফেলার সুযোগ থাকছে টাইগারদের। ৯ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে যেখানে জিততেই হবে তাদের!



