বাংলাদেশ ক্রিকেটের অস্থির সময়ে নতুন নেতৃত্বের সূচনা হলো তামিম ইকবালের হাত ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন নারী দলের পেসার জাহানারা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া সেই পোস্টে জাহানারা আলম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তামিম ইকবাল ভাইয়াকে অভিনন্দন। ইনশাআল্লাহ, আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য আলোর দিশারি হবেন বলে আশা করি।’
এর আগে বিসিবির সাম্প্রতিক নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে আনা হয় তামিম ইকবালকে। এই কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নির্বাচনের পরিবেশ তৈরি এবং বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পরই নিজের লক্ষ্য স্পষ্ট করেছেন তামিম। তিনি বলেছেন, ‘প্রথমে মনে করি, এখানে যখনই এরকম কেউ দায়িত্ব পান তখন উন্নতির কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার টিম ব্যক্তিগতভাবে মনে করি যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ফেরানো। শেষ এক-দেড় বছরে ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, এই ঠিক করা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’










Discussion about this post