Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

শক্তিশালী অস্ট্রেলিয়ার মাঠে এমন পিচ কেন?

August 25, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শক্তিশালী অস্ট্রেলিয়ার মাঠে এমন পিচ কেন?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টটা শেষ হয়েছে এত দ্রুত যে ম্যাচের ফলের চেয়েও পিচের চরিত্রই আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে। ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মাত্র ১২৫ ওভারেই শেষ হয়েছে দুই দলের লড়াই। অস্ট্রেলিয়া ইনিংস ও ৫১ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলেও ম্যাচের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড।

ম্যাচে ৩০ উইকেট পড়েছে, অথচ ব্যাটারদের জন্য পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক ছিল না। বাংলাদেশ দুই ইনিংসে করেছে ৬৪ ও ৯৫ রান। অস্ট্রেলিয়ার একমাত্র ইনিংস থেমেছে ২১০ রানে। পুরো ম্যাচে রান এসেছে ৩৬৯, বিপরীতে উইকেট পড়েছে ৩০টি। মাত্র পঞ্চম সেশনেই শেষ হয়ে যাওয়া এই টেস্টটি টেস্ট ইতিহাসের চতুর্থ সংক্ষিপ্ততম ম্যাচ হিসেবেও জায়গা করে নিয়েছে।

বাংলাদেশের ব্যাটিং ধসের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মিচেল স্টার্কের। বাঁহাতি পেসার একাই নিয়েছেন ১০ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৭ রান করেছেন ক্যামেরুন গ্রিন। তবে পরিসংখ্যানের এই দাপটের আড়ালেই ব্রডের প্রশ্ন-অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে গিয়ে এমন বোলিং সহায়ক পিচ বেছে নেওয়া কি সত্যিই বুদ্ধিমানের কাজ?

‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ ইউটিউব চ্যানেলে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ব্রড বলেন, ‘আমার মতে, আপনি যদি মনে করেন যে খেলোয়াড়ে খেলোয়াড়ে আপনার দল প্রতিপক্ষের চেয়ে ভালো, তাহলে আপনার ফ্ল্যাটার পিচে খেলা উচিত। বাংলাদেশ টস জিতে বোলিং করলে তারা অস্ট্রেলিয়াকে ৬০ রানের মধ্যে গুটিয়ে দিয়ে বড় সমস্যায় ফেলতে পারত। পিচ যেভাবে বলকে নিপ ও মুভ করাচ্ছিল, তাতে এটি ছিল একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত।’

ব্রডের যুক্তিটা মূলত অস্ট্রেলিয়ার শক্তির জায়গা নিয়েই। প্রতিপক্ষের তুলনায় যদি দলে বেশি মানসম্পন্ন ক্রিকেটার থাকে, তাহলে এমন পিচে ম্যাচকে ‘ফিফটি-ফিফটি’ পরিস্থিতিতে নিয়ে যাওয়ার প্রয়োজন কী-তার প্রশ্ন সেটিই। কারণ অতিরিক্ত বোলিং সহায়ক উইকেটে প্রতিপক্ষের দুর্বলতা যেমন প্রকাশ পায়, তেমনি একটি ভালো স্পেলেই শক্তিশালী দলের ব্যাটিং লাইনআপও ভেঙে পড়তে পারে।

ম্যাকায়ের উইকেটের আচরণ নিয়ে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেছেন ব্রড। অস্ট্রেলিয়ার জয়কে স্বীকার করেও তিনি মনে করেন, পিচের চরিত্র ভবিষ্যৎ নিয়ে কিছু প্রশ্ন রেখে গেছে।

অস্ট্রেলিয়ার পিচ পরিকল্পনা নিয়ে ব্রড আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংসে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে, কিন্তু তাদের নিয়ে এখনো কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। স্টার্ক আবারও দুর্দান্ত ছিল, বল সুইং করিয়েছে। আর পিচে সব জায়গাতেই বল লাফাচ্ছিল ও মুভ করছিল। মনে হচ্ছে, এ বছর পিচগুলোতে অনেক ধরনের বৈচিত্র্য দেখা যাচ্ছে। এর ফলে দলগুলোকে সব সময় স্পিনারদের ওপর নির্ভর করতে হচ্ছে না।’

এই টেস্টের অস্বাভাবিক দ্রুত সমাপ্তি অবশ্য অস্ট্রেলিয়ার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। ঘরের মাঠে তাদের সর্বশেষ সাত টেস্টের তিনটিই শেষ হয়েছে দুই দিনের মধ্যে। এর আগে ২০২৫-২৬ অ্যাশেজে পার্থ ও মেলবোর্ন টেস্টও দুই দিনের মধ্যেই শেষ হয়েছিল।

ম্যাকায়ের ম্যাচটি শেষ হয়েছে মাত্র ৭৫০ বলে। ফলাফল অস্ট্রেলিয়ার পক্ষে যতটা পরিষ্কার, ম্যাচের প্রকৃতি ততটাই একপেশে। বাংলাদেশকে দুই ইনিংসেই ১০০ রানের নিচে আটকে দিয়ে অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফেরালেও প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে-এমন পিচ কি প্রতিপক্ষকে চাপে ফেলার অস্ত্র, নাকি শেষ পর্যন্ত নিজেদের জন্যও অপ্রয়োজনীয় ঝুঁকি?

ব্রডের মন্তব্য সেই বিতর্ককেই নতুন করে সামনে এনেছে। বিশেষ করে যখন মাত্র দুই দিনের এক টেস্টে ৩০ উইকেট পড়ে, তখন জয়ী দলের পারফরম্যান্সের পাশাপাশি পিচের ভারসাম্য নিয়েও আলোচনা হওয়া স্বাভাবিক।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD