গেল কয়েক বছর ধরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নানা ধরনের নেতিবাচক আলোচনা চলছে। নানা সীমাবদ্ধতা ও বিতর্কের কারণে আগামী ২০২৭ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগ বন্ধ রেখে নতুন মডেল দাঁড় করানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে গত ২৯ আগস্ট রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। একই সঙ্গে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গেও আলোচনা করেছে বোর্ড। বিসিবির সিদ্ধান্ত মেনে নিয়েছেন ক্রিকেটাররাও। এরই মধ্যে দেশের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে।
তবে আগামী মৌসুমে বিপিএল না হওয়ার বিষয়টি জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রোববার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো আপনার কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।’
পরে বিপিএল নিয়ে নিজের অবস্থান তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন আপনাদের সামনে। আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত। সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের খেলাগুলো ধারাবাহিকভাবে হয় সেই জায়গাগুলো আমরা অবশ্যই নজরদারিতে রাখব।’



