বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন এসেছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শামার স্প্রিঙ্গার। মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের দলে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সাদা বলের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন কিমো পল। সেখান থেকে দেশে ফিরে যাবেন তিনি। এক বিবৃতিতে সিডব্লিউআই জানিয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরছেন এই অলরাউন্ডার।
কিমো পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নিয়াল স্মিথের নাম বিবেচনায় ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে চোটের কারণে তাঁদের কাউকেই দলে নেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত শামার স্প্রিঙ্গারকে অন্তর্ভুক্ত করেছে দলটি।
২৮ বছর বয়সী স্প্রিঙ্গারের এখনো টেস্ট অভিষেক হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বল হাতে সাতটি উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
প্রথম শ্রেণির ক্রিকেটেও স্প্রিঙ্গারের পরিসংখ্যান উল্লেখযোগ্য। ২৩ ম্যাচে ব্যাট হাতে ১ হাজার ৪৩ রান করেছেন তিনি, ব্যাটিং গড় ৩২.৫৯। বল হাতে তার শিকার ৫৮ উইকেট, বোলিং গড় ২৭.৮৭। ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে চার ম্যাচে ২৫১ রান করার পাশাপাশি আট ইনিংসে সাতটি উইকেট নিয়েছেন তিনি।
বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন আরও দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশ্রামের কারণে থাকছেন না সাদা বলের অধিনায়ক শাই হোপ। অন্যদিকে কাজের চাপ সামলাতে পেসার আলজারি জোসেফকে সরিয়ে নেওয়া হয়েছে। জোসেফের জায়গাতেই প্রথমে দলে সুযোগ পেয়েছিলেন কিমো পল। এবার পলের বিদায়ে সেই জায়গায় এলেন স্প্রিঙ্গার।
বাংলাদেশ সফরে আগামী ২২ ও ২৩ অক্টোবর ঢাকায় প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট, যা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন রস্টন চেজ। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন জোমেল ওয়ারিক্যান। দলে রয়েছেন জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জ্যাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।



