উদীয়মান ক্রিকেটারদের টুর্নামেন্ট রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। তার অন্তর্ভুক্তি নিয়ে প্রাথমিক দল ঘোষণার পর থেকেই ক্রিকেটাঙ্গনে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত দলেও তাকে রেখেছে নির্বাচকরা।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাইফ হাসানের নেতৃত্বে দল ঘোষণা করে বিসিবি। স্কোয়াডে সাব্বির ছাড়াও রয়েছেন জাতীয় দলে খেলা একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য আফিফ হোসেন, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।
দলটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে আটজনের। তাদের মধ্যে টেস্ট খেলেছেন চার ক্রিকেটার-সাইফ হাসান, শাহাদাত হোসেন, ইয়াসির আলী ও সাব্বির রহমান। এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি-সাদা বলের দুই সংস্করণেই খেলার অভিজ্ঞতা রয়েছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডলের।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচেই হংকং জাতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ আফগানিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দল। ২১ নভেম্বর আফগানিস্তান এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে সাইফ হাসানের দল।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল, যাদের ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। আর ২৯ নভেম্বর ফাইনাল।
বাংলাদেশ ‘এ’ দল: সাইফ হাসান, সাব্বির রহমান, রকিবুল হাসান, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, ইরফান শুক্কুর, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, সামিউন বাসির রাতুল, মোহাম্মদ রুবেল, ইফতেখার হোসেন ইফতি।



