আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম। এর আগে বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদও এপিএলে খেলার জন্য নাম নিবন্ধন করেছেন। এপিএলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পৃথক পোস্টে নাহিদ, মুস্তাফিজ ও মুশফিকের নাম নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এপিএলের প্রথম আসরের জন্য বর্তমানে খেলোয়াড়দের নাম নিবন্ধনের প্রক্রিয়া চলছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত ক্রিকেটাররা নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। এরপর আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
নাহিদ রানার নাম নিবন্ধনের বিষয়টি জানিয়ে এপিএল কর্তৃপক্ষ তাকে ‘বাংলাদেশি স্পিডস্টার’ হিসেবে উল্লেখ করেছে। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা এই পেসার এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিয়ে নজর কেড়েছেন।
মুস্তাফিজুর রহমানেরও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের এই বাঁহাতি পেসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পিএসএলসহ একাধিক বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন। অন্যদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও এর আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছেন।
এপিএলের প্রথম আসরে ইতোমধ্যে বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালাগে ও চারিথ আসালঙ্কা, ইংল্যান্ডের লুক উড, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ সবার আগে এপিএলে নাম নিবন্ধন করেন। এরপর নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিমের নাম যুক্ত হওয়ায় প্রথম আসরের ড্রাফটে বাংলাদেশের চার ক্রিকেটারকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আগামী ২৭ ডিসেম্বর আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। এরই মধ্যে টুর্নামেন্টের তিনটি দল নিশ্চিত হয়েছে। দলগুলো হলো আকসেল ইউনাইটেড কাবুল, বালখ জোয়ানান ও কান্দাহার ওয়ারিয়র্স।



