অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতেই নতুন মিশনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। এবার টাইগারদের গন্তব্য জিম্বাবুয়ে, যেখানে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা। হারারে টেস্ট শুরু আগামী রোববার।
কাগজে-কলমে অনেকেই জিম্বাবুয়েকে তুলনামূলক দুর্বল দল হিসেবে বিবেচনা করলেও বাস্তবতা ভিন্ন বলে মনে করেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
ক্রিকেটে সমৃদ্ধ ইতিহাস থাকা জিম্বাবুয়ে মাঝখানে কিছুটা পিছিয়ে পড়লেও সাম্প্রতিক সময়ে আবারও নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার চেষ্টা করছে। আর সে কারণেই আসন্ন সিরিজকে সহজভাবে দেখছেন না বাংলাদেশের ক্রিকেটাররা।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাসকিন বলেন, জিম্বাবুয়ে সফর বাংলাদেশের জন্য বাড়তি চাপেরও। কারণ, প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই, আবার প্রত্যাশার চাপও থাকবে বাংলাদেশের ওপর।
তাসকিন বলেন, ‘জীবনে প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জ। প্রতিটি সিরিজই চ্যালেঞ্জিং। সামনে যে জিম্বাবুয়ে সিরিজ আসছে এটা আরও বেশি চাপের। কারণ ওদের কন্ডিশনে খেলা। ওদের সাথে খারাপ হলে বলবে জিম্বাবুয়ের সাথে খারাপ খেলেছে।’
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে টাইগারদের। তবে এমন উত্থান-পতন খেলাধুলারই অংশ বলে মনে করেন তাসকিন।
আসন্ন জিম্বাবুয়ে সিরিজের কঠিন বাস্তবতার কথা তুলে ধরে এই পেসার বলেন, ‘খেলোয়াড়রা জানে, আমরা জানি- জিম্বাবুয়ের মাটিতে গিয়ে ওদের বিপক্ষে জেতা কত কষ্ট। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছি, দুর্ভাগ্যবশত টি-টোয়েন্টি হেরেছি। প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য চ্যালেঞ্জিং। টেপ টেনিসও চ্যালেঞ্জিং। খেলা কখনই সোজা না।’










Discussion about this post