বাংলাদেশ শেষ পর্যন্ত জিম্বাবুয়ে সফরে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়েছে। টানা দুই ওয়ানডেতে হারের পর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। যদিও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিম্বাবুয়ের দখলেই গেছে। তবে শেষ ম্যাচের এই জয়কে সামনে থাকা টি-টোয়েন্টি সিরিজের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তালহা বলেন, ‘হয়তো অনেক দিন ধরেই আমরা এই জয়ের অপেক্ষায় ছিলাম। আগের দুই ম্যাচে যেভাবে বল করেছি, তাতে আমাদের জেতা উচিত ছিল। তবে শেষ ম্যাচে জয় পেয়েছি। ম্যাচ জিতলে মোমেন্টাম পাওয়া যায়। আশা করছি, এই ধারাটা টি-টোয়েন্টি সিরিজেও ধরে রাখতে পারব।’
শেষ ম্যাচের জয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘অনেক জরুরি ছিল। ম্যাচ জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ, সেটা যে কোনো দলের বিপক্ষেই হোক। জয় দলকে মোমেন্টাম দেয়। সামনে টি-টোয়েন্টি সিরিজ আছে, তাই এই জয় আমাদের জন্য অনেক জরুরি ছিল।’
আগের দুই ম্যাচের তুলনায় শেষ ম্যাচে ব্যাটিংয়ের পরিবর্তনের দিকটিও তুলে ধরেন তালহা। তিনি বলেন, ‘আজ (গতকাল) আমরা যেভাবে ব্যাটিং করেছি, পুরো সময় দারুণ নিয়ন্ত্রণে ছিলাম। আগের দুই ম্যাচে মনে হয়নি ব্যাটাররা সেভাবে নিয়ন্ত্রণে ছিল। আমরা নিজেরাই প্রতিপক্ষকে উইকেট দিয়ে এসেছি।’
তবে প্রতিপক্ষের বোলারদেরও কৃতিত্ব দেন বাংলাদেশ দলের এই কোচ। তালহা বলেন, ‘জিম্বাবুয়ের বোলারদের কৃতিত্ব অবশ্যই দিতে হবে। তারা অনেক ভালো বোলিং করেছে। প্রথম ম্যাচে আমরা ১৪১ রানে অলআউট হয়েছিলাম, ওই ম্যাচও আমাদের জেতা উচিত ছিল। দুই দলের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ে সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন তালহা। তার ভাষায়, ‘আমাদের ঘরের মাঠে এত বাউন্সি উইকেটে খেলার সুযোগ হয় না। সামনে বিশ্বকাপও আছে। তাই এই সফর আমাদের জন্য ভালো প্রস্তুতি হয়েছে।’









Discussion about this post