বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেইটকে এবার নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই পক্ষের মধ্যে এরই মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। শিগগিরই টেইটের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। জিও নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, দায়িত্ব নিতে আগামী সপ্তাহের শুরুতেই পাকিস্তানে পৌঁছাবেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার। পাকিস্তানের ক্রিকেটে অবশ্য টেইটের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের আগে স্বাগতিক দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন টেইট।
সবশেষ বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টেইট। গত জুনে পরিবারকে আরও সময় দেওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তিনি। তিন সংস্করণে সারা বছর পূর্ণকালীন কোচ হিসেবে কাজ করার চাপও তার সিদ্ধান্তের অন্যতম কারণ ছিল।
দায়িত্ব ছাড়ার সময় টেইট বলেছিলেন, সারা বছর লাল ও সাদা বলের ক্রিকেটে পূর্ণকালীন দায়িত্ব পালন তার জন্য যথেষ্ট হয়েছে। পরিবারকে আরও সময় দেওয়ার জন্য কিছুটা পিছিয়ে আসার প্রয়োজন অনুভব করেছিলেন তিনি।
বাংলাদেশের দায়িত্ব ছাড়ার কয়েক মাসের মধ্যেই অবশ্য আবার আন্তর্জাতিক ক্রিকেটের ডাগআউটে ফিরছেন টেইট। এবার তার পুরোনো কর্মস্থল পাকিস্তানেই নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। পাকিস্তানের পেস বোলিং কাঠামো সম্পর্কে তার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে পিসিবি।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে তিনটি, ওয়ানডেতে ৩৫টি এবং টি-টোয়েন্টিতে ২১টি ম্যাচ খেলেছেন টেইট। আন্তর্জাতিক ক্রিকেটে তার দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি পাকিস্তানের পেস বোলিং ইউনিটের সঙ্গে আগের কাজের অভিজ্ঞতাও তাকে এই দায়িত্বের জন্য বাড়তি সুবিধা দেবে বলে মনে করছে পিসিবি।
সামনেই পাকিস্তানের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ রয়েছে তাদের। এরপর ইংল্যান্ডকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজেও মাঠে নামবে পাকিস্তান। এই ব্যস্ত সূচির আগে পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী ও কার্যকর করতে টেইটের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে পাকিস্তান!



