একটু আগেই থেমে গিয়েছিল পথ। শিরোপার মঞ্চ থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। সেই হতাশা এখন অতীত। সামনে নতুন আসর, নতুন লড়াই-আর লক্ষ্য সেই পুরোনো, এশিয়ার সিংহাসন ফিরে পাওয়া।
আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হচ্ছে যুব এশিয়া কাপের নতুন আসর। ৫০ ওভারের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর। এশিয়ার আটটি যুব দলকে নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় এবারও শিরোপার অন্যতম দাবিদার বাংলাদেশ।
দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
বাংলাদেশের অভিযান শুরু হবে টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই। ৫ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন আজিজুল হাকিম তামিমের দল। দুই দিন বিরতির পর ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগার যুবারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ নভেম্বর প্রতিপক্ষ মালয়েশিয়া।
গ্রুপ পর্বে তিন ম্যাচের লড়াই শেষে প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালের টিকিট। ১২ নভেম্বর হবে শেষ চারের দুটি ম্যাচ। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের সামনে থাকবে ‘বি’ গ্রুপের রানার্সআপ, আর ‘বি’ গ্রুপের সেরা দলের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল।
এরপর ১৪ নভেম্বর শিরোপার চূড়ান্ত লড়াই। বাংলাদেশের যুব ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাসে এশিয়া কাপের সঙ্গে সাফল্যের সম্পর্ক বেশ গভীর। টানা দুইবার শিরোপা জয়ের পর গত আসরে পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে থেমেছিল বাংলাদেশের যাত্রা। সেই দলে ছিলেন জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, ইকবাল হোসেন ইমনদের মতো ক্রিকেটাররা।
এবার সেই ব্যর্থতার জায়গা থেকেই নতুন স্বপ্নের শুরু। প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে সামনে রেখে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ চারে ওঠাই প্রথম লক্ষ্য। এরপর ধাপে ধাপে এগিয়ে শেষ পর্যন্ত ট্রফি হাতে নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের যুবাদের।



