শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। স্কোরবোর্ডে তখন মাত্র ৮ রান, অথচ সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশের তিন ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের ব্যাটিং ব্যর্থতার স্মৃতি তখনও তাজা। এমন পরিস্থিতিতে আবারও বড় বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছিল বাংলাদেশের নারী দলের সামনে। কিন্তু এবার গল্পটা অন্যভাবে লিখলেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। দুজনের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বিপর্যয় সামলে শুধু দলকে লড়াইয়ের পুঁজি এনে দেননি, গড়েছেন একের পর এক রেকর্ডও।
ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই ইনিংসের মূল কারিগর সোবহানা, যিনি খেলেছেন ক্যারিয়ারসেরা ১১৮ রানের ইনিংস। অন্য প্রান্তে অধিনায়ক জ্যোতি ৭৪ রানে অপরাজিত থেকে দারুণভাবে সামলেছেন ইনিংসের হাল।
প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর দলকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন জ্যোতি। দ্বিতীয় ম্যাচে সেই বার্তার বাস্তব প্রতিফলন দেখা গেল তার নিজের ব্যাটিংয়ে, আর সোবহানার দৃঢ়তায়। ফারজানা হক, শারমিন সুলতানা ও শারমিন আখতারের বিদায়ের পর যখন দল চরম চাপে, তখনই চতুর্থ উইকেটে জুটি বাঁধেন এই দুই ব্যাটার। সেখান থেকেই শুরু বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্প।
সোবহানা ও জ্যোতি প্রথমে পরিস্থিতি সামলে নেন, এরপর ধীরে ধীরে বাড়াতে থাকেন রানের গতি। চতুর্থ উইকেটে ১৩৯ বলে ১১০ রান যোগ করে বিপর্যয়ের শঙ্কা অনেকটাই কাটিয়ে ওঠেন তারা। সোবহানা ৬৬ বলে ৯ চারে অর্ধশতক পূর্ণ করেন। পরে ৯৭ বলে পাঁচ চারে ফিফটির দেখা পান জ্যোতি। দুই ব্যাটারের ধৈর্যশীল ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস পায় স্থিতি, আর অস্ট্রেলিয়ার বোলারদের ওপর বাড়তে থাকে চাপ।
ফিফটির পর সোবহানার ব্যাট যেন আরও চওড়া হয়ে ওঠে। দৃষ্টিনন্দন শটে রান তোলার পাশাপাশি বড় ইনিংস গড়ার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। জুটির রান দেড়শ পেরিয়ে যাওয়ার পরও থামেননি তারা। শেষ পর্যন্ত ৪৮তম ওভারের পঞ্চম বলে মেগান স্কাটের শিকার হওয়ার আগে ১৩৪ বলে ১৮ চারে ১১৮ রান করেন সোবহানা। ১২৩ বলেই পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
এই ইনিংসের মধ্য দিয়ে বাংলাদেশের নারী ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন সোবহানা। এর আগে ২০২৩ সালে ভারতের বিপক্ষে ফারজানা হক ১৬০ বলে ১০৭ রান করে রেকর্ডটি গড়েছিলেন। এবার সেই মাইলফলক ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন সোবহানা। বাংলাদেশের হয়ে নারী ওয়ানডেতে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটারও হলেন তিনি। এর আগে ফারজানা হক ও নিগার সুলতানা জ্যোতি এই কীর্তি গড়েছেন। ফারজানা করেছেন দুটি সেঞ্চুরি।
সোবহানার ব্যক্তিগত অর্জনের পাশাপাশি জ্যোতির সঙ্গে তার জুটিও জায়গা করে নিয়েছে ইতিহাসে। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ১৯৫ রান। ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটি। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে জ্যোতি ও শারমিন আক্তারের তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটি ছিল দেশের সেরা। সেই রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড তৈরি করলেন সোবহানা ও জ্যোতি।
শুধু বাংলাদেশের রেকর্ডই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির কীর্তিও গড়েছেন তারা। ২০০২ সালে নিউজিল্যান্ডের এমিলি ড্রাম ও রেবেকা রোলস দ্বিতীয় উইকেটে ১৭০ রান করেছিলেন। সোবহানা-জ্যোতির ১৯৫ রানের জুটি সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। অল্প রানে তিন উইকেট হারানোর পর এমন প্রত্যাবর্তন তাই বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে বিশেষ হয়ে থাকবে।
সোবহানা আউট হওয়ার পরও শেষ পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে গেছেন জ্যোতি। ১১৪ বলে সাত চারে ৭৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক। যদিও ইনিংসের শেষ ওভারে পরপর দুটি উইকেট হারায় বাংলাদেশ, তবু ২২০ রানের সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা রাখে তাঁদের জুটি। সোবহানার সেঞ্চুরি ও জ্যোতির দায়িত্বশীল ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ স্কোর গড়েছে বাংলাদেশ।



