আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে রেকর্ড গড়া পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন দুজনই। সদ্য প্রকাশিত আইসিসির নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ করে এগিয়েছেন সোবহানা ও জ্যোতি। এ ছাড়া উন্নতি হয়েছে রিতুমনির র্যাঙ্কিংয়েও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন সোবহানা মোস্তারি। ১৩৪ বলে ১৮টি চারের সাহায্যে ১১৮ রান করেন তিনি। বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের প্রথম সেঞ্চুরিও এটি।
সোবহানার সঙ্গে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চতুর্থ উইকেটে দুজন গড়েন ১৯৫ রানের দুর্দান্ত জুটি। জ্যোতি অপরাজিত থাকেন ৭৪ রানে। একপর্যায়ে ৩ উইকেটে মাত্র ৮ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত ৬ উইকেটে ২২০ রানের সংগ্রহ দাঁড় করায়।
ব্যাট হাতে এই সাফল্যের প্রতিফলন দেখা গেছে আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়েও। ১১ ধাপ এগিয়ে ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন সোবহানা। সমান ১১ ধাপ উন্নতি করে ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে অবস্থান করছেন অধিনায়ক জ্যোতি।
বাংলাদেশের আরেক ক্রিকেটার রিতুমনিরও উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে। ১০ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৭৮ নম্বরে। তবে পিছিয়েছেন শারমিন আক্তার ও ফারজানা হক। পাঁচ ধাপ অবনতি হয়ে শারমিন রয়েছেন ৩০ নম্বরে। আর ১২ ধাপ পিছিয়ে ফারজানা হকের অবস্থান ৬৭তম।
নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। ৭৯০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ট এবং তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি ও ফোবে লিচফিল্ড।



