আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে প্রথমবারের মতো ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণে বাকি ছয় টেস্টের চারটিতে জয় ও অন্তত একটিতে ড্র করতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। কঠিন এই সমীকরণ সামনে থাকলেও বাড়তি চাপ নিতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। বরং ফাইনালে ওঠার সম্ভাবনাকে অনুপ্রেরণা হিসেবেই দেখছেন তিনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার অভিযানে বুধবার শুরু হচ্ছে বাংলাদেশের ছয় টেস্টের প্রথমটি। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিকেরা। ফাইনালের দৌড়ে টিকে থাকতে এই সিরিজে ভালো ফল পাওয়াটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
তবে ফাইনালের সমীকরণ নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না শান্ত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, নির্দিষ্ট কোনো সমীকরণ নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক খেলার ধরন ও প্রক্রিয়া অনুসরণ করতে চান তাঁরা।
শান্ত বলেন, ‘এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ) আমার কাছে, প্রেশার না ইন্সপায়ারিং। টেস্ট ক্রিকেটে এরকম সমীরকণের অনেক কিছু আসছে, এটা প্রেরণার। চাপ বলব না এই কারণে, আমরা যখন প্রস্তুতি শুরু করেছি বা এই সিরিজটা নিয়ে যখনই কথা বলেছি, আমরা চিন্তা করেছি যে গত কয়েকটা সিরিজে বা গত কয়েক বছর ধরে আমরা টেস্ট ক্রিকেটটা কীভাবে খেলছি।’
দলের সাম্প্রতিক সময়ের খেলার ধরনেই আস্থা রাখছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, বাড়তি কিছু করার চেষ্টা না করে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিতে পারলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।
এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমরা বাড়তি কোনো কিছু করতে চাই না, প্রসেসটা ফলো করতে চাই। যে জিনিসটা পারি ওই জিনিসটা ১০০% দিয়ে করতে চাই। তাই এখানে আমি কারও কাছ থেকে বাড়তি কোনো এফোর্টও চাই না। এটা অনেক গুরুত্বপূর্ণ সিরিজ অবশ্যই। তবে আমরা প্রসেসটা ফলো করে যেভাবে রেজাল্ট পাচ্ছি ওই জিনিসটাই শুধু এক্সিকিউট করতে চাই।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণ কঠিন হলেও আপাতত বাংলাদেশের মনোযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে সিরিজে ভালো ফল পাওয়াই এখন শান্তর দলের প্রধান লক্ষ্য।



