সবশেষ টপ-এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ডানহাতি স্পিনার মোহাম্মদ রুবেল। সাত ম্যাচে ২৩ উইকেট নিয়ে আলোচনায় এলেও আসন্ন এশিয়ান গেমসের দলে জায়গা হয়নি তার। ব্যাট হাতে টপ-এন্ড টি-টোয়েন্টিতে ভালো করা সাব্বির রহমানও নেই সেই দলে। দুজনের না থাকার কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, মূল আসরের প্রায় তিন মাস আগেই ৩০ সদস্যের দল জমা দিতে হয়। সেই সময় রুবেলের পারফরম্যান্স নির্বাচকদের বিবেচনায় আসার মতো ছিল না। ফলে পরবর্তীতে দুর্দান্ত পারফর্ম করলেও তাকে দলে যুক্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন বাশার।
বাশার বলেন, ‘এশিয়ান গেমসে রুবেলকে সুযোগ দেওয়ার সুযোগ ছিল না। কারণ এশিয়ান গেমসে যে ৩০ জনের দল দিতে হয় আমাদের, সেটা দিতে হয়েছে তিন মাস আগে।’
তিনি আরও বলেন, ‘গেমসের কিছু নিয়মকানুন আছে। সেখানকার বাইরে পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। এটা গেমসের নিয়ম। যখন আমরা দলটা দিয়েছি তখন আসলে রুবেলের পারফর্মেন্স অতটা উল্লেখযোগ্য ছিল না। বর্তমানে তিনি খুব ভালো করেছেন। মালয়েশিয়ায় ভালো বোলিং করেছেন, টপ-এন্ডে ভালো বোলিং করেছেন। অবশ্যই তিনি হয়তো ভবিষ্যৎ পরিকল্পনায় থাকবেন।’
রুবেলের মতো সাব্বির রহমানও এশিয়ান গেমসের দলে জায়গা পাননি। তবে টপ-এন্ড টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ভালো পারফর্ম করায় নির্বাচকদের নজরে আছেন তিনি। সাব্বিরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন বাশার।
বাশার বলেন, ‘সাব্বির কে নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ-এন্ডে ভালো ব্যাটিং করেছেন। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি। সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে। রুবেলের মতো ও একেবারে চিন্তা ভাবনার বাইরে নয়, সাব্বিরও বাদ পড়েনি। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’
সাব্বিরকে জাতীয় দলের পরিকল্পনার বাইরে রাখছেন না নির্বাচকেরা। বরং তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ‘এ’ দলের হয়ে খেলিয়ে আরও সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন বাশার।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাশার বলেন, ‘সাব্বিরকে বসিয়ে না রেখে লম্বা সময়ের পরিকল্পনা ভেবে তাকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। সাব্বিরের সক্ষমতা আছে। সে প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।’



