এশিয়ান গেমসে বাংলাদেশের সেমিফাইনালের আগে দলে বড় ধাক্কা হয়ে এসেছে নাজমুল হোসেন শান্তর ছিটকে যাওয়া। অসুস্থতার কারণে এরই মধ্যে দেশে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। সতীর্থকে হারানোর আক্ষেপ থাকলেও এখন সেটি নিয়ে না ভেবে সামনে থাকা পাকিস্তান ম্যাচেই মনোযোগ দিতে চান ইয়াসির আলী চৌধুরী রাব্বি।
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল গতকাল নিশিনে মালয়েশিয়ার বিপক্ষে। তবে বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি। এর আগের দিনই শান্তর অসুস্থতার কারণে দেশে ফেরার খবর জানায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছিলেন, শান্তর শরীরে সংক্রামক জীবাণু পাওয়া গেছে। ফলে এশিয়ান গেমসে তার খেলা কঠিন হয়ে পড়ে।
শান্তকে না পাওয়ার প্রসঙ্গে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়াসির বলেন, ‘দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। শান্ত অসুস্থতার কারণে চলে যাচ্ছে।’
আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শান্ত না থাকায় দলের ব্যাটিং লাইনআপে একজন অভিজ্ঞ ব্যাটারের ঘাটতি তৈরি হয়েছে। অধিনায়ক লিটন দাসের সঙ্গে ব্যাটিংয়ে আছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন ও ইয়াসির। শান্তর অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে বাড়তি চাপ তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ইয়াসির বলেন, ‘যেটা হয়ে গেছে, হয়ে গেছে (শান্তর ছিটকে যাওয়া)। এখন আমাদের ফোকাস করা উচিত সামনে কি আসবে, সামনে কি আসবে না সেটা নিয়ে। ব্যাটিং অর্ডারটা আসলে এটা যা আছে, এটা নিয়ে আমাদের ইনশা আল্লাহ এগিয়ে যেতে হবে।’
টাইফুনের মৌসুমে জাপানে চলছে এশিয়ান গেমস। বৃষ্টির কারণে ক্রিকেটের সূচিতে এরই মধ্যে বড় প্রভাব পড়েছে। কোয়ার্টার ফাইনালে পাকিস্তান-হংকং, ভারত-আফগানিস্তান, বাংলাদেশ-মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা-নেপালের কোনো ম্যাচেই একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত র্যাঙ্কিং ও নিয়মের ভিত্তিতে সেমিফাইনালে উঠেছে দলগুলো।
তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। আজ আইচিতে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় অনুশীলন করেছেন লিটন, ইয়াসির, তানজিদরা। বৃষ্টির কারণে যেখানে অনুশীলনও ব্যাহত হচ্ছিল, সেখানে দীর্ঘ সময় পর রোদে মাঠে নামতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ইয়াসির।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আজ জাপান আসার পর মনে হয় এই প্রথম আমরা রোদ দেখলাম। ভালো লাগছে। আজ ভালোমতো আমরা মাঠে নামতে পেরেছি। কাল ইনশা আল্লাহ আমাদের খেলার জন্য ভালো আবহাওয়া থাকবে।’
আবহাওয়ার পূর্বাভাসও বাংলাদেশের জন্য স্বস্তির। নিশিনে আগামীকাল রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির শঙ্কা কম। কোরোগি স্পোর্টস ক্লাবে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। একই দিন বেলা ১১টায় অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।



