এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্য নিয়েই জাপানের পথে পা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল দেশ ছাড়ার আগে অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন নিজেদের প্রত্যাশার কথা। এবার একই লক্ষ্যের কথা জানালেন পেস বোলিং কোচ তালহা জুবায়েরও।
জাপানের কন্ডিশন বাংলাদেশের জন্য কিছুটা অচেনা। তবে সেখানকার উইকেট সম্পর্কে ধারণা নিতে সাবেক টাইগার পিচ কিউরেটর গামিনী ডি সিলভার পরামর্শ নেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাফল্য পেতে চায় বাংলাদেশ।
তালহা বলছিলেন, ‘দেখুন, উইকেট তো অচেনা, কিন্তু তারপরেও কিছু আইডিয়া আমরা নিয়েছি। আশা করি আমরা দলীয়ভাবে ভালো কিছু করে আসতে পারব। গামিনীর সাথে আলাপ করে আইডিয়া নিব আবারো।’
জাপানের উইকেট স্লো হওয়ার সম্ভাবনাই দেখছেন বাংলাদেশের পেস বোলিং কোচ। আর এমন উইকেট হলে সেটিকে নিজেদের জন্য সুবিধা হিসেবেই দেখছেন তিনি, ‘এই ধরণের উইকেট হলে অবশ্যই আমাদের পক্ষে থাকবে। আমরা জানি এই ধরনের উইকেটে কিভাবে খেলতে হয়। দায়িত্ব থাকবে ব্যাটার, স্পিনার, সবমিলিয়ে সকল প্লেয়ারদের ওপরে।’
এদিকে চোটের কারণে মিরপুরে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারেননি নাজমুল হোসেন শান্ত। বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছিলেন এই ব্যাটার। তবে এশিয়ান গেমসের আগে শান্তকে নিয়ে স্বস্তির খবরই দিয়েছেন তালহা। তার মতে, এখন পুরোপুরি ফিট আছেন শান্ত।
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। সকাল ১১টার সেই ম্যাচে প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। ‘বি’ গ্রুপের হংকং, মালয়েশিয়া ও ওমানের মধ্যে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সেই ম্যাচে জয় পেলে ১ অক্টোবর সকাল ১১টায় সেমিফাইনালে নামবে টাইগাররা। আর সোনার লড়াইয়ের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।



