বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশকে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে নেপাল। বাংলাদেশ সফর কিংবা নেপালে সিরিজ আয়োজন-দুই ক্ষেত্রেই প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন নেপালের রাষ্ট্রদূত। বৈঠকে সাম্প্রতিক সময়ে নেপালে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশ সরকারের পাশাপাশি দেশের জনগণের দেওয়া সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান ভান্ডারি।
দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে ইতিবাচক উল্লেখ করে নেপালের রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক চমৎকার। তবে সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে ক্রীড়া বিশেষ করে ক্রিকেটকে কার্যকর মাধ্যম হিসেবে দেখছে নেপাল।
দুই দেশের মধ্যে দীর্ঘদিন কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ না হওয়ায় বিষয়টি নিয়েও আগ্রহ প্রকাশ করেন ভান্ডারি। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা কাটিয়ে উঠতে থাকা নেপালের মানুষের জন্য এমন একটি সিরিজ অনুপ্রেরণার উৎস হতে পারে বলেও মনে করেন তিনি। এ কারণে বাংলাদেশকে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত।
নেপালের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের ক্রীড়া কূটনীতির গুরুত্ব তুলে ধরে তিনি জানান, বিভিন্ন খেলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ইতিমধ্যে কাজ করছে। নেপালকে আনুষ্ঠানিকভাবে আগ্রহপত্র দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। চিঠি পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
এ প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও নতুন গতি আসতে পারে। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত শক্তি হিসেবে থাকলেও নেপালের ক্রিকেট সাম্প্রতিক সময়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। ফলে নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজ দুই দলের জন্যই আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে মাঠের লড়াইয়ের বাইরে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতেও ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ক্রিকেটের পাশাপাশি পর্বতারোহণ নিয়েও আলোচনা হয়েছে। নেপালের ভৌগোলিক বৈশিষ্ট্য ও পর্বতারোহণের সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশি ক্রীড়াবিদদের জন্য এ ধরনের কার্যক্রমের সুযোগ বাড়াতে নেপালের সহযোগিতা চেয়েছেন আমিনুল হক। ফলে সম্ভাব্য ক্রিকেট সিরিজের পাশাপাশি ক্রীড়া বিনিময়ের আরও বিস্তৃত ক্ষেত্র তৈরির সম্ভাবনাও দেখা যাচ্ছে।



