বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর তার জায়গায় নাহিদাকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সহ-অধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি। এর মধ্য দিয়ে জ্যোতির নেতৃত্ব ছাড়ার পর নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিয়ে চলা আলোচনার অবসান হলো।
২৬ বছর বয়সী নাহিদা বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাঁহাতি স্পিনে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার নেতৃত্বের নতুন দায়িত্বও উঠল তার কাঁধে।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা। এখন পর্যন্ত ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে তাঁর শিকার ১৩২ উইকেট। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা ও বোলিংয়ে ধারাবাহিকতাই এবার তাকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে এসেছে।
নাহিদার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৪ বছর বয়সী সোবহানা মোস্তারি। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ব্যাট হাতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৭২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ব্যাটার।
সংক্ষিপ্ত সংস্করণে ব্যাট হাতে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন সোবহানা। নারী টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের মাত্র তিনজন ব্যাটার এক হাজারের বেশি রান করেছেন। নিগার সুলতানা ও ফারজানা হকের পর তৃতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। এবার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে দলের নেতৃত্ব কাঠামোতেও যুক্ত হলেন সোবহানা।
নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত অভিজ্ঞ স্পিনার নাহিদার হাতেই দায়িত্ব তুলে দিল বিসিবি। আগামী এক বছর তার নেতৃত্বে টি-টোয়েন্টি ক্রিকেটে দলকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে।
নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের সামনে প্রথম বড় পরীক্ষা আসতে পারে আগামী মাসেই। ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি। এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের অধীনে দলের পথচলা শুরু হতে পারে।



