দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৬.৫ ওভারে ৩ উইকেটে ১১৪ রান করে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২ রানের লিড পাওয়ায় ম্যাচ শেষে বাংলাদেশের মোট লিড দাঁড়ায় ১২৬ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৩৪ রান সংগ্রহ করে। শুরুতে সৌম্য সরকার ও সাদমান ইসলাম দলকে ভালো ভিত এনে দিলেও পরবর্তী সময়ে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা।
জবাবে প্রথম দিন শেষে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছিল সংযুক্ত আরব আমিরাত। আ দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রণ নেন। স্বাগতিকদের ২২২ রানে অলআউট করে ১২ রানের লিড নেয় বাংলাদেশ।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন ইমন। ৩০ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। তাইজুল ইসলাম শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া ইবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও নাঈম হাসান একটি করে উইকেট নেন।
লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। সাদমান কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে ২৮ বলে ৩২ রান করেন। মুমিনুল ৪৫ বলে করেন ২৪ রান।
তিন নম্বরে নেমে দলের ইনিংসকে এগিয়ে নেন মুশফিকুর রহিম। ফিফটির কাছাকাছি গিয়েও মাইলফলক ছুঁতে পারেননি তিনি। ৫৩ বলে ৪৪ রান করে থামেন অভিজ্ঞ এই ব্যাটার। জাকের আলী অনিক ৩৭ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশ ২৬.৫ ওভারে ৩ উইকেটে ১১৪ রান করার পর ম্যাচের ইতি টানা হয়। আমিরাতের হয়ে সিমরানজিত সিং নেন ২ উইকেট। একটি করে উইকেট পান জুনাইদ ও হায়দার।
দুই দিনের প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয় না হলেও বাংলাদেশের বোলিং বিভাগে ইকবাল-তাইজুলের পারফরম্যান্স এবং মুশফিকের ব্যাটিং আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। আগামী ৯ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।



