দক্ষিণ আফ্রিকা সফরের তিনটি আনঅফিশিয়াল ওয়ানডের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের সাদা বলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। অভিজ্ঞ ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা একাধিক ক্রিকেটারকে নিয়ে দল সাজানো হলেও সবচেয়ে বড় চমক দীর্ঘদিন পর মোহাম্মদ মিঠুনের প্রত্যাবর্তন।
বাংলাদেশ ‘এ’ দলে রয়েছেন জাতীয় দলের হয়ে খেলা নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয় ও সাইফ হাসানের মতো ব্যাটাররা। অধিনায়ক হৃদয়ের পাশাপাশি দলে আছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফ উদ্দিনের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার।
তবে ঘোষিত দলে সবচেয়ে বেশি আলোচনায় মোহাম্মদ মিঠুন। ২০২১ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর গত পাঁচ বছরে বাংলাদেশের কোনো ফরম্যাটের জাতীয় দলেই জায়গা হয়নি তার।
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে গেছেন এই ব্যাটার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন নিয়মিত, পাশাপাশি বিভিন্ন সময়ে অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার হিসেবে এবার বাংলাদেশ ‘এ’ দলের দরজা খুলেছে মিঠুনের সামনে।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দল তিনটি আনঅফিশিয়াল ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে। আগামী ৬ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ৯ সেপ্টেম্বর কিম্বার্লিতে দ্বিতীয় এবং ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে সিরিজের তৃতীয় ও শেষ আনঅফিশিয়াল ওয়ানডে মাঠে গড়াবে।
বাংলাদেশ ‘এ’ দল
মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, মোহাম্মদ মিঠুন, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, আল ফাহাদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা।



