অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর দিয়েছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল। প্রায় ১২ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পর তাকে বাসায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ম্যাচ চলাকালে একটি বাউন্সার মিরাজের মাথায় আঘাত হানে। পরে তার বমি হওয়ায় চিকিৎসক ও টিম ম্যানেজমেন্টের মধ্যে উদ্বেগ তৈরি হয়। যদিও তিনি খেলা চালিয়ে যান এবং ম্যাচ শেষ করেন। এরপর ঝুঁকি এড়াতে বিসিবির চিকিৎসক ও ফিজিওদের পরামর্শে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
এক ভিডিও বার্তায় নাফিস বলেন, ‘ওয়ানডে ক্যাপ্টেন মিরাজের সর্বশেষ আপডেট হলো- সে বাসায় ফিরেছে। এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে ছিল প্রায় ১২ ঘণ্টার মতো। আপনারা জানেন একটা বাউন্সারে তার মাথায় বল লেগেছিল। এরপর ওর একটু বমি হয় যা দুশ্চিন্তা জাগিয়েছিল। তবে খেলা চালিয়ে যায় এবং খেলা শেষ হওয়ার পরপর বিসিবির চিকিৎসক-ফিজিও সবাই মিলে সিদ্ধান্ত নেন তাকে এভারকেয়ারে পাঠানো হবে।’
হাসপাতালে নেওয়ার আগে মিরাজ কোনো গুরুতর শারীরিক সমস্যা অনুভব করেননি। এরপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে চিকিৎসকরা তার দুটি স্ক্যান করান এবং উভয় রিপোর্টই সন্তোষজনক আসে।
এ বিষয়ে নাফিস বলেন, ‘যদিও সে ভালোই অনুভব করছিল। এভারকেয়ারে তার স্ক্যান করানো হয়। প্রথম স্ক্যানে রিপোর্ট মাশাআল্লাহ ভালো আসে। আজও রিপোর্ট ভালো আসায় তাকে রিলিজ দেওয়া হয়েছে। কাল অনুশীলন করবে কিনা এ ব্যাপারে নিশ্চিত নই। ডাক্তার ও ফিজিও অবশ্যই যোগাযোগ করবে এবং এভেইলেবিলিটির ব্যাপারে কাল আলাপ করা যাবে।’
তবে মিরাজ পরবর্তী ম্যাচের আগে অনুশীলনে অংশ নিতে পারবেন কি না কিংবা সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ শেষে চিকিৎসক, ফিজিও ও ট্রেনারদের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।









Discussion about this post