ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সেন্ট লুসিয়াকে মাত্র ১১৯ রানে গুটিয়ে দেয় গায়ানা। জবাবে গ্লেন ফিলিপস, শাই হোপ ও কুয়েন্টিন স্যাম্পসনের ব্যাটে ভর করে জয় নিশ্চিত করে তারা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সেন্ট লুসিয়া কিংস। পাওয়ার প্লেতে টিম সেইফার্টের উইকেট হারালেও ৬ ওভারে ৫১ রান তুলে ভালো অবস্থান তৈরি করেছিল তারা। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে গায়ানার বোলিং আক্রমণ।
নিজের প্রথম সিপিএল ম্যাচ খেলতে নেমেই নজর কাড়েন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে এসেই প্রথম ওভারে উইকেট তুলে নেন তিনি। মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরে যান জন ক্যাম্পবেল। প্রথম ওভারে মাত্র ৩ রান খরচ করেন এই টাইগার অলরাউন্ডার।
নিজের তৃতীয় ওভারে এসে আরও ভয়ংকর হয়ে ওঠেন মিরাজ। ওভারের প্রথম বলেই কেমল সেভ্রয়কে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। একই ওভারে চারিথ আসালঙ্কাকেও সাজঘরের পথ দেখান মিরাজ। নিজের শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে স্পেল শেষ করেন তিনি। চার ওভারে মাত্র ১৩ রান খরচ করে শিকার করেন ৩ উইকেট।
মিরাজের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন অধিনায়ক ইমরান তাহির। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন এই প্রোটিয়া লেগস্পিনার। মিরাজ ও তাহিরের সম্মিলিত বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া কিংস।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ধীরগতির ছিল গায়ানার। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে মাত্র ২৩ রান সংগ্রহ করে তারা। তবে দ্বিতীয় উইকেটে গ্লেন ফিলিপস ও শাই হোপ ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। ৪০ বলে ৩৭ রান করে ফিলিপস এবং ২১ রান করে শাই হোপ ফিরে গেলেও ম্যাচের নিয়ন্ত্রণ তখন গায়ানার হাতে।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হন মিরাজ। রোস্টন চেইজকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৪ বলে মাত্র ১ রান করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ফলে শেষ ৫ ওভারে গায়ানার সামনে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৮ রান।
সেই কঠিন সমীকরণকে সহজ করে দেন কুয়েন্টিন স্যাম্পসন। মাত্র ১১ বলের বিধ্বংসী ইনিংসে ৫টি ছক্কা ও একটি চারের সাহায্যে অপরাজিত ৩৭ রান করেন তিনি। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ৪ উইকেটের জয় তুলে নেয়।



