লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তবে সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন বাংলাদেশের এই অফ স্পিনিং অলরাউন্ডার। টুর্নামেন্টের মাঝপথে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেশ ছেড়েছেন তিনি।
আপাতত জাতীয় দলের ব্যস্ততা নেই মিরাজের। ঘরোয়া ক্রিকেটেও নতুন কোনো টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা নেই। ফলে এই সময়টা কাজে লাগাতেই সিপিএলে খেলার সুযোগটি গ্রহণ করেছেন ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার।
দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন চ্যালেঞ্জের কথা জানিয়েছেন মিরাজ। তিনি লিখেছেন, “নতুন এক চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান যাত্রা আলিঙ্গন করতে প্রস্তুত।”
সিপিএলে মিরাজের ডাক অবশ্য এবারই প্রথম নয়। ক্যারিয়ারের শুরুর দিকে ২০১৭ সালেও ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে দলে নিয়েছিল। তবে সেবার একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। গত বছর পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে গিয়েও একই অভিজ্ঞতা হয়েছিল।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে শেষ পর্যন্ত অভিষেক হয় চলতি বছরের জুলাইয়ে, লঙ্কা প্রিমিয়ার লিগ দিয়ে। গল গ্যালান্টসের হয়ে চার ম্যাচ খেললেও ব্যাট-বলে নিজেকে মেলে ধরতে পারেননি মিরাজ। ব্যাট হাতে করেন মাত্র ৪৪ রান, আর চার ওভার বল করে পাননি কোনো উইকেট। এরপর জায়গা হারান দলের একাদশে।
সিপিএলে এবার তাই মিরাজের সামনে নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ। তার নতুন দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে তারা। সেই জয়যাত্রায় মিরাজ কতটা ভূমিকা রাখতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।



