বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস আক্রমণের অন্যতম ভরসা মারুফা আক্তার। তবে আসন্ন নিউজিল্যান্ড সফরে এই পেসারকে পাচ্ছে না বাংলাদেশ দল। পুরোনো গোড়ালির চোট আবারও ফিরে আসায় সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন তিনি। মারুফাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা বোর্ডের।
তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল। আগামী ১০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। সফরের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। তবে মারুফার অনুপস্থিতি প্রায় নিশ্চিত বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে নিয়মিত খেলেছেন এই পেসার। আইসিসির বিভিন্ন ইভেন্টসহ আন্তর্জাতিক ও অন্যান্য টুর্নামেন্টে নিজের গতিময় বোলিংয়ে নজর কেড়েছেন তিনি। নারী দলের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মারুফাকে তাই দ্রুত ফেরানোর চেয়ে দীর্ঘমেয়াদে পুরোপুরি ফিট রাখাকেই গুরুত্ব দিচ্ছে বোর্ড।
ক্রিকবাজকে বিসিবির নারী বিভাগের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজে পাওয়া যাচ্ছে না মারুফাকে। তিনি বলেন, ‘সে (মারুফা আক্তার) নিউজিল্যান্ড সিরিজে অ্যাভেইলঅ্যাবল থাকছে না। আমাদের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ায় আমরা তাকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চাই না। পুরোপুরি সুস্থ হয়ে ফেরার পরই আমরা তাকে দলে ফেরাতে চাই।’
মারুফার চোটের ধরন ও তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন বিসিবির ওই কর্মকর্তা। তার ভাষ্য, ‘তার গোড়ালির ব্যথা আবারও ফিরে এসেছে। আমরা চাই না এমনটা আবার ঘটুক। তাই সে যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় পায়, সেই সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে কোনো ধরনের অস্বস্তি ছাড়াই যেন সে বোলিং করতে পারে, এই ব্যাপারটি নিশ্চিত করতে চাই। কারণ পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে তার সমস্যা হবে।’



