আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের অগ্রযাত্রা যেন থামছেই না। ধারাবাহিক সাফল্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে উঠে এসেছে দলটি। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে আফগানিস্তান। অন্যদিকে, আফগানদের এই উত্থানে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের অবস্থান। সর্বশেষ র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পরেই রয়েছে টাইগাররা।
২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধীরে ধীরে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। একসময় বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো অভিজ্ঞ দলগুলোকে পেছনে ফেলে চমক দেখিয়েছিল তারা। এবার র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকেও ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে রশিদ খানদের দল।
আফগানিস্তানের এই সাফল্যের পেছনে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল দলটি। এরপর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় আফগানরা। বিশ্বমঞ্চে একের পর এক সাফল্য তাদের আত্মবিশ্বাস ও শক্তিমত্তাকে আরও বাড়িয়ে দিয়েছে।
এ পর্যন্ত ১৯১টি ওয়ানডে ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জয় পেয়েছে ৯৬টিতে। দলটির জয় ও পরাজয়ের অনুপাত ১.০৯। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান। এরপর জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে দলটি।
একটা সময় ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের পারফরম্যান্সের ব্যবধান বদলে গেছে। ধারাবাহিক সাফল্যের সুবাদে আফগানিস্তান এখন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে।



