জেপি ডুমিনির দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। শেষ পর্যন্ত ৮৮ রানের বড় ব্যবধানে হেরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের এবারের আসর থেকে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
বুধবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি। দক্ষিণ আফ্রিকার ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন জেপি ডুমিনি। ৪৯ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংসে সাতটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান এই ব্যাটার।
ডুমিনির পাশাপাশি ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখেন ওয়েন পারনেল ও মর্ন ভন উইক। পারনেল ১৩ বলে ২২ রান করেন, আর ভন উইকের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩০ রান। কলিন ইনগ্রামও দলের সংগ্রহ বাড়াতে অবদান রাখেন। বাংলাদেশের হয়ে রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট নেন।
সেমিফাইনালে ওঠার সমীকরণ মেলাতে বাংলাদেশকে মাত্র ১১.৫ ওভারে ২১১ রান করতে হতো। কঠিন সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পথ হারায় দলটি। মাত্র ৪ রানে দুই উইকেট হারানোর পর দলীয় সংগ্রহ ১০ রান পূর্ণ হওয়ার আগেই সাজঘরে ফেরেন আরও এক ব্যাটার। শুরুতেই এমন ধাক্কায় ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে বাংলাদেশ।
ব্যাটিং বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ বলে ৩৭ রান করেন তিনি। শেষদিকে আরাফাত সানি ৩০ বলে ৩১ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় কোনো জুটি গড়ে তোলা সম্ভব হয়নি। ফলে ১৮.৫ ওভারে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার কাছে ৮৮ রানের বড় ব্যবধানের এই পরাজয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শেষ হলো হতাশা নিয়ে। পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে মাহমুদউল্লাহর দল। চারটি পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে ছয় দলের প্রতিযোগিতায় ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।



