পুরনো বিধ্বংসী রূপে ফিরলেন ক্রিস গেইল। তার সঙ্গে ব্যাট হাতে ঝড় তুললেন চ্যাডউইক ওয়ালটন। তাতে রনি তালুকদার ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২১৮ রানের বিশাল পুঁজি গড়েও জয় পেল না বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সের কাছে হেরে জয়শূন্য থাকার হতাশা আরও দীর্ঘ হলো বাংলাদেশের।
গত রাতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সের অধিনায়ক ক্রিস গেইল। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার ইমরুল কায়েস ১২ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর রনি তালুকদার ও ফজলে মাহমুদ রাব্বি মিলে পাল্টা আক্রমণে দিশেহারা করে দেন ক্যারিবীয় বোলারদের।
দ্বিতীয় উইকেটে রনি ও রাব্বির ব্যাটে আসে ৮৯ রানের ঝোড়ো জুটি। শেলডন কটরেল, সুলেমান বেন ও ডোয়াইন ব্রাভোর মতো বোলারদের বিপক্ষেও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান দুজন। ২২ বলে ৩৬ রান করে রাব্বি বিদায় নিলেও রনির ব্যাটে অব্যাহত থাকে রানের গতি।
এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দলের সংগ্রহ বড় করার দায়িত্ব নেন রনি। চার-ছক্কার বৃষ্টিতে ক্যারিবীয় বোলারদের ওপর চাপ বাড়াতে থাকেন তিনি। তবে সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতে থামে তার দুর্দান্ত ইনিংস। ৫৬ বলে ৯৬ রান করে দলীয় ১৭৪ রানে আউট হন রনি। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা।
রনির বিদায়ের পরও বাংলাদেশের রান তোলার গতি কমতে দেননি রিয়াদ। শেষ ওভারে আউট হওয়ার আগে মাত্র ২১ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও তিনটি ছক্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।
জয়ের জন্য ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন গেইল। লেন্ডল সিমন্স ১১ বলে ২০ রান করে ফিরলেও গেইলের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন চ্যাডউইক ওয়ালটন।
গেইল ২৫ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ছয়টি চার ও চারটি ছক্কায় সাজানো তার ইনিংসটি ক্যারিবীয়দের জয়ের ভিত গড়ে দেয়। এরপর ওয়ালটন একাই বাংলাদেশের বোলারদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান। তাঁর ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে চলে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতে।
তবে ক্যারিবীয়দের জয় সহজ ছিল না। এনামুল হক জুনিয়রের মেডেন ওভার ম্যাচে বাংলাদেশের আশা জিইয়ে রেখেছিল। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও ওয়ালটনের ব্যাটিংয়ের সামনে লক্ষ্য রক্ষা করতে পারেনি বাংলাদেশ। ৪৩ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন ওয়ালটন।
বাংলাদেশের হয়ে কামরুল ইসলাম রাব্বি তিনটি উইকেট নেন। তবে বোলারদের সেই সাফল্যও শেষ পর্যন্ত কাজে আসেনি। রনি তালুকদারের সেঞ্চুরি হাতছাড়া হওয়া, রিয়াদের ঝোড়ো ব্যাটিং এবং ২১৮ রানের বড় সংগ্রহ-কোনোটিই জয় এনে দিতে পারেনি বাংলাদেশকে।



