বাংলাদেশ ‘এ’ দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। সফরের প্রথম চার দিনের ম্যাচে আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় চার দিনের ম্যাচের আগে দলে এসেছে ছয়টি পরিবর্তন। চার দিনের সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে কথা বলেছেন তিনি। আসন্ন সফরকে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর এবং আগামী বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন হৃদয়।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যতটা সম্ভব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে হৃদয় বলেন, ‘সাউথ আফ্রিকায় আমাদের সামনে জাতীয় দলের সফর আছে এবং বিশ্বকাপ আছে, সবকিছু বিবেচনা করেই চেষ্টা করব যতটুকু প্রস্তুতি নেওয়া যায় ওখানে।’
‘এ’ দলের হয়ে খেলার সময় ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে দলের জন্য অবদান রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন হৃদয়। একই সঙ্গে প্রতিটি ম্যাচ উপভোগ করে খেলার কথাও জানিয়েছেন তিনি। হৃদয়ের ভাষায়, ‘এ দলের খেলা হোক বা জাতীয় দলের বা এলাকার খেলা হোক, চেষ্টা থাকে যে সবসময় দলের জন্য যতটুকু অবদান করা যায়। এ দলে আমার নিজস্ব কোনো লক্ষ্য নাই। আমি প্রতিটি ম্যাচ বা প্রতিটি দিন উপভোগ করার চেষ্টা করি।’
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট। পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে।



