ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা শুরু হতে যাওয়ায় পরিকল্পনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। আগামী ১২ সেপ্টেম্বর থেকে পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন ক্যাম্প হওয়ার কথা থাকলেও আপাতত সেটি হচ্ছে না। এর পরিবর্তে এনসিএল লাল বলের টুর্নামেন্ট শুরুর আগপর্যন্ত পেসারদের নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প পরিচালনা করবেন এইচপির কোচরা।
এবার এইচপি ক্যাম্পে ৩০ জনের বেশি ক্রিকেটারের থাকার কথা ছিল। তবে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততার কারণে পুরো স্কোয়াডকে একসঙ্গে অনুশীলনে পাওয়া যাচ্ছে না। তাই আপাতত পেসারদের উন্নয়নে বিশেষভাবে নজর দিচ্ছে এইচপি।
আগামী শনিবার থেকে শুরু হবে পেসারদের এই বিশেষ ক্যাম্প। পেস বোলিং কোচ কলি কলিমোরের অধীনে চলবে অনুশীলন। ক্যাম্পে পেসারদের পাশাপাশি ট্রেনার ও ফিজিওরাও থাকবেন। এইচপির সঙ্গে কাজ করা মারিও ভিল্লাভারায়নও ক্যাম্পে উপস্থিত থাকবেন।
এই ক্যাম্পে রোহানতদৌলা বর্ষণ, ইকবাল ইমন, চৌধুরি রিজওয়ান, আসাদুলহিল গালিব, সফর আলি, আশিকুরজ্জামান, আব্দুল গাফফার সাকলাইন, আনামুল হক ও রেজাউর রাজাদের থাকার কথা রয়েছে। সব মিলিয়ে ১০ থেকে ১২ জন পেসারকে নিয়ে ক্যাম্পটি পরিচালিত হবে।
এনসিএল শুরুর আগপর্যন্ত চলবে পেসারদের এই বিশেষ অনুশীলন। ক্যাম্প শেষ হলে ক্রিকেটাররা নিজ নিজ দলের হয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) যোগ দেবেন। এরপর আগামী বছরের শুরুতে নতুন করে এইচপির পূর্ণাঙ্গ ক্যাম্প আয়োজনের সম্ভাবনা রয়েছে।



